ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- আন্দোলনের মাধ্যমে কারাবন্দি শেখ হাসিনাকে মুক্ত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়ে সহযোগী সংগঠনগুলো বলেছে, সভানেত্রীর মুক্তির পর তার নেতৃত্বেই কেবল সরকারের সঙ্গে দলের সংলাপ হতে পারে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার দুপুরে সহযোগী সংগঠনের এক সভায় হাসিনার মুক্তির জন্য আইনি লড়াই বাদ দিয়ে দ্রুত আন্দোলন কর্মসূচি ঘোষণার আহ্বান জানানো হয়।
সভার সভাপতি মির্জা আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর একজন সদস্যও মনে করে না, শেখ হাসিনা আইনি লড়াইয়ে মুক্তি পাবেন। তারা মনে করেন আন্দোলনের মাধ্যমেই কেবল নেত্রীর মুক্তি হতে পারে। তাই সহযোগী সংগঠনগুলো আওয়ামী লীগের কাছে আন্দোলন কর্মসূচি চায়।"
কৃষক লীগ সভাপতি মির্জা আব্দুল জলিল আরো বলেন, "শেখ হাসিনার মুক্তির দাবির সঙ্গে আমরা আর কোনো দাবি সম্পর্কিত করতে চাই না। সহযোগী সংগঠনগুলো মনে করে শেখ হাসিনার মুক্তির পর তার নেতৃত্বেই সরকারের সঙ্গে সংলাপ হবে।"
সভায় কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ২টার কিছু পরে সভা শেষ হয়।
সভানেত্রীর মুক্তির দাবিতে আওয়ামী লীগ দ্রুত আন্দোলন কর্মসূচি দেবে- আশা প্রকাশ করে মির্জা আব্দুল জলিল বলেন, "শেখ হাসিনার মুক্তি দাবিতে আওয়ামী লীগের গণ অনশন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল। শিগগিরই এ কর্মসূচি দেওয়া হবে বলে সহযোগী সংগঠনগুলো আশা করছে।"
সভার শুরুতে যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের মহানগর কমিটির নেতাদের উপস্থিতি নিয়ে কিছুটা হট্টগোল হয়। পরে প্রতি সংগঠনের সর্বোচ্চ পাঁচজন করে উপস্থিত থাকার সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/জিএনএ/১৭৩০ ঘ.
bdnews24