ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের আমন্ত্রণ খোন্দকার দেলোয়ারের কাছে পাঠাতে নির্বাচন কমিশনকে বিএনপির স্থায়ী কমিটির পাঁচ সদস্যের চিঠি দেওয়ার এক দিনের মাথায় দলটির ৫৪ জন সাবেক সাংসদ আরেক চিঠিতে হাফিজউদ্দিনকে সংলাপে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার দুপুরে বিএনপির সাবেক সাংসদদের ওই চিঠি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যায় বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশের একটি প্রতিনিধি দল।
সাবেক ৫৪ সাংসদের দাবি, হাফিজউদ্দিন আহমেদই বিএনপির বৈধ মহাসচিব। এ বিষয়টি ইতোমধ্যে আদালতে নিষ্পত্তি হয়েছে। সুতরাং ইসির সংলাপের চিঠি পাওয়ার এখতিয়ার তারই।
রোববার বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে 'দেলোয়ারপন্থী' হিসাবে পরিচিত অংশের নেতারা স্থায়ী কমিটির পাঁচ সদস্যের দেওয়া একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে দেন।
ওই চিঠিতে দলটির স্থায়ী কমিটির পাঁচ সদস্য ড. আর এ গণি, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমাদ, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম ও আব্দুল মতিন চৌধুরী ইসিকে বলেন, খোন্দকার দেলোয়ারই বিএনপির বৈধ মহাসচিব। সুতরাং বিএনপির সঙ্গে আলোচনার যে কোনও চিঠি তাকেই দিতে হবে।
ইসির সঙ্গে দেখা করতে যাওয়া 'সংস্কারপন্থী' অংশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোফাজ্জল করিম।
তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকের আগে মোফাজ্জল করিম সাংবাদিকদের বলেন, "বিএনপির অস্থায়ী মহাসচিব মেজর হাফিজের কাছে ৫০/৬০ জন সাবেক সাংসদ এসে বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একেক সময়ে একক কথা বলছেন। তাদের বক্তব্য নিয়েই আজ আমাদের ইসিতে আসা।"
তিনি বলেন, "চিঠিতে সাবেক সাংসদরা মেজর হাফিজের নেতৃত্বকে সমর্থন জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশন আগেও মেজর হাফিজকে আমন্ত্রণ জানিয়েছে। আশা করি এবারও আমন্ত্রণ জানাবে। এ বিষয়টি আদালতে ইতোমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে।"
'সংস্কারপন্থী' প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান, সাবেক সাংসদ আব্দুল খালেক সন্টু, শামীম কায়সার লিংকন, রেজা আহমেদ বাচ্চু, মাসুদ অরুণ, নজির হোসেন, নাসিরুল হক সাবু, জিয়াউল হক মোল্লা, আলি নেওয়াজ খৈয়াম।
নির্বাচনী আইন সংস্কারে বিএনপির সঙ্গে সংলাপের চিঠি গত বছর হাফিজউদ্দিনের কাছে পাঠায় নির্বাচন কমিশন। পরে বিষয়টি আদালতে গড়ায়। স
bdnews24