২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মহাসচিব' হিসেবে ইসির চিঠি চায় দেলোয়ার

'বৈধ মহাসচিব' হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপের আমন্ত্রণ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির পাঁচ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বৈধ মহাসচিব' হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপের আমন্ত্রণ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির পাঁচ সদস্য। রোববার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও দেলোয়ারপন্থী অংশের নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসি এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে চিঠিটি হস্তান্তর করে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, আবদুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী ও এম শামসুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, "মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেনকে চিঠি দেওয়া না হলে বিএনপিকে দ্বি-খণ্ডিত দেখানোর অপপ্রয়াসের দায়ভার নির্বাচন কমিশনের ওপর বর্তাবে।" চিঠিতে বলা হয়, "২৯ অক্টোবরের কথিত বৈঠকে দলের সহ সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগ করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থী।" এ কারণে ২৯ অক্টোবরের সিদ্ধান্ত আমলে না নিয়ে খোন্দকার দেলোয়ারকেই সংলাপের আমন্ত্রণ জানানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে। গত ২ সেপ্টেম্বর মহাসচিব পদ থেকে আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার ও তার প্রাথমিক সদস্যপদ বাতিল করার সিদ্ধান্তটিও গঠনতন্ত্র অনুযায়ীই হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়। সিইসির সঙ্গে দেখা করার পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "বৈধ মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ারকে সংলাপের আমন্ত্রণ জানানোর জন্য আমরা সিইসিকে অনুরোধ জানিয়েছি। বিগত সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। সেই দলের সঙ্গে আলোচনা না করে কমিশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলেই আশা করি আমরা।" 'সিইসি বিএনপিকে ঐক্যবদ্ধ হতে বলেছেন' জানিয়ে নজরুল ইসলাম বলেন, "তাকে বলেছি, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কিন্তু যতক্ষণ না দল ঐক্যবদ্ধ হচ্ছে , ততক্ষণ পর্যন্ত খোন্দকার দেলোয়ার হোসেনই বৈধ মহাসচিব। তাকেই চিঠি দিতে হবে। তার সঙ্গেই সব যোগাযোগ করতে হবে।'' বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার সময় কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সেখানে ছিলেন। নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক সাংসদ মেহেদি আহমেদ রুমি ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল বিএনপির দুই অংশকেই আলাদাভাবে চিঠি দিয়ে 'সৌজন্য সাক্ষাতের' আমন্ত্রণ জানায়। পরদিন দুই পক্ষই কমিশনে গিয়ে আলাদাভাবে বৈঠক করে। আমন্ত্রণপত্রে 'মহাসচিব' সম্বোধন না করায় খোন্দকার দেলোয়ার ওই বৈঠকে না গেলেও চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপির ওই অংশের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/জেকে/জিএনএ/১৭৫০ ঘ.