ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সরকার অনুরোধ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
সাংবাদিকতার ওপর কানাডীয় হাইকমিশন ও বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের (বিসিডিজেসি) এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
হাসান আরিফ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের আন্তরিকতার কথা আবারো জানান।
এলজিইডি ভবনের সম্মেলনকক্ষে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে গণতন্ত্রের উন্নয়নে সুশাসন, জনসচেতনতামূলক সংবাদের পুরস্কার পেয়েছেন কলাম লেখক হায়দার আকবর খান রনো, ইফফাত জেরিন, সাপ্তাহিক ২০০০ এর ঝর্ণা রায় ও প্রোব ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদক আনোয়ার পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা হাসান আরিফ বলেন, "গণমাধ্যম অন্য ধরনের একটি সংসদ, যা সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটায়।"
তিনি বলেন, গণমাধ্যম জনগণের কথা বলে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকার গণমাধ্যম থেকেই যথার্থ প্রতিক্রিয়া জানতে পারে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় হাসান আরিফ বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো সন্দেহ নেই।
স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের উল্লেখ করে উপদেষ্টা বলেন, "তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। এ কারণে সরকার নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানাবে।"
কানাডীয় হাই-কমিশনার বারবারা রিচার্ডসন তার বক্তব্যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, "বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি সময়ে এ নির্বাচন হতে যাচ্ছে। এর মাধ্যমে স্থিতিশীল গণতন্ত্রে প্রত্যাবর্তনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে দেশটির জন্য।"
অনুষ্ঠানে ড. কামাল হোসেন ও বিসিডিজেসি এর সভাপতি ও আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/জিএনএ/১৭২৬ ঘ.
bdnews24