২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তিসঙ্গত' সময়ের মধ্যে নির্বাচন নিয়ে রিটের শুনানি এক সপ্তাহ পেছালো

'যুক্তিসঙ্গত' সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রোববার শুনানি মুলতবির এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যুক্তিসঙ্গত' সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রোববার শুনানি মুলতবির এ আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম শুনানির প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় আবেদন করেন। রিটকারী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান এর বিরোধিতা করে বলেন, "এ মামলায় প্রধান প্রতিপক্ষ নির্বাচন কমিশন। তাই সরকার পক্ষের এ সময়ের আবেদন যৌক্তিক নয়।" জবাবে সহকারী অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনের সরকারী কৌঁসুলিদের এ রিট পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মন্তব্য করে বলেন, "রিটটির চূড়ান্ত শুনানি বিলম্বিত করার জন্য সময়ের এ আবেদন করা হয়েছে।" পরে সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা রিটটির শুনানির প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় চেয়েছিলেন। আদালত এক সপ্তাহ সময় দিয়েছে। গত ২৭ জানুয়ারি ব্যারিস্টার সোবহানের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 'যুক্তিসঙ্গত' সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিল। পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভুত ঘোষণা করা হবেনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবের কাছে আদালত তার কারণ জানতে চেয়েছিল। গত ২৪ জানুয়ারি মাসুদ রেজা সোবহান ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর গত ২ মার্চ এক আদেশে রিটটির ওপর চূড়ান্ত শুনানির জন্য ১৯ মার্চ তারিখ ধার্য করেছিলেন। কিন্তু রিটটির ওপর শুনানি গ্রহণ শুরু করার আগেই প্রধান বিচারপতি গত ১৭ মার্চ বিচারপতি নাঈমের রিট মামলা শুনানি গ্রহণের এখতিয়ার পরিবর্তন করে দেন। এরপর বিচারপতি ইমান আলীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য আবেদন জানানো হয়। কিন্তু ওই বেঞ্চ অনেক দিন পরে শুনানির তারিখ ধার্য করার অভিপ্রায় ব্যক্ত করলে রিটকারী মাসুদ রেজা সোবহান তার আবেদন ফিরিয়ে নেন। পরে গত ১৬ এপ্রিল বিচারপতি এম এ রশিদের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ রিটটির চূড়ান্ত শুনানির জন্য ২০ এপ্রিল তারিখ ধার্য করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৫৫৫ ঘ.