ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানির পরবর্তী তারিখ ২১ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। তবে ওই তারিখে বৌদ্ধ পূর্ণিমা হলে পরের দিন শুনানি হবে।
বৃহস্পতিবার বেলা ১টায় বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম এ তারিখ দেন।
এদিকে, সোমবার এ মামলার শুনানির সময় এজলাস কক্ষের দর্শক আসন থেকে তুলে দেওয়ার প্রতিবাদে সাংবাদিকদের আদালত বর্জন কর্মসূচি বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রত্যাহার করা হয়। এর আগে বেলা ১২টার দিকে সাংবাদিকরা আদালতের বাইরে আধা ঘণ্টার জন্য কলমবিরতি কর্মসূচি পালন করেন।
'অশোভন আচরণ' করা দুই পুলিশ কর্মকর্তা ডিসি প্রসিকিউসন আক্কাছ উদ্দিন ভূঁইয়া ও এসি প্রসিকিউসন মকবুল হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামিম আহসান হাবিব ও শেখ হাসিনার আইনজীবী সাহারা খাতুনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে এজলাসে সাংবাদিকদের জন্য ২০টি আসন সংরক্ষিত থাকবে। সংসদ ভবনে তাদের জন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়া হবে। সাংবাদিকরা যাতে হয়রানি না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে।
সকালে মামলার শুনানি শুরু হওয়ার পর শেখ হাসিনা আদালতে বলেন, "সাংবাদিকরা ভেতরে না এলে আমরা শুনানিতে অংশ নেব না।"
এ সময় বিচারক মো. ফিরোজ আলম বলেন, "এ আদালতের শুরু থেকেই সাংবাদিকরা কাজ করছেন। একবছর ধরে তারা শুধু দেশবাসীকে নয়, সারা বিশ্বকে আমাদের কর্মকাণ্ডের খবর জানাচ্ছেন। তাদের বসার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের সবার।"
এ অবস্থায় প্রায় দুই ঘণ্টা শুনানি বন্ধ থাকার পর বেলা সাড়ে ১২টায় আবার তা শুরু হয়। এ দিন মামলার অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর পঞ্চম দিনের মত শুনানি করেন তার আইনজীবীরা।
সকাল পৌনে ১০টার দিকে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তৌফিক ই ইলাহী চৌধুরীকে আনা সকাল সাড়ে ৯টায়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/এসএনডি/এমএইচবি/১৯১৫ ঘ.
bdnews24