ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সময় স্বল্পতার কারণে' বৃহস্পতিবার রাতে সরকারের সঙ্গে প্রাক সংলাপে যোগ দেয়নি বিএনপির দেলোয়ারপন্থী অংশ। তবে সরকার আবার আমন্ত্রণ জানালে প্রাক সংলাপে বসবেন বলে জানিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন।
রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওই বৈঠক হওয়ার কথা ছিল। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দুপুরে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে প্রাক সংলাপে বসার জন্য খোন্দকার দেলোয়ারকে আমন্ত্রণ জানান।
রাতে ন্যাম ভবনের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "একটু আগেই বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা আজ (বৃহস্পতিবার) প্রাক সংলাপে যেতে পারছি না। সরকার পক্ষ আবার আমন্ত্রণ জানালে আমরা বসব।"
তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে প্রাক সংলাপে যেতে বিএনপির কোনো আপত্তি নেই। তবে এ ক্ষেত্রে কারাবন্দি নেত্রীর নির্দেশনা আমাদের প্রয়োজন।"
দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রথমে বিকেল ৫টায় প্রাক সংলাপে বসার কথা থাকলেও পরে সময়সূচি বদলে রাত ৮টা নির্ধারণ করা হয়। কিন্তু দলের বৈঠক থাকায় শেষ পর্যন্ত প্রাক সংলাপ বাতিল করা হয়।
খোন্দকার দেলোয়ারের বাসায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত আটটা পর্যন্ত বৈঠকে আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মো. শাহজাহান, ড. আর এ গণি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমদ, এম শামসুল ইসলাম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
খোন্দকার দেলোয়ার জানান, বৈঠকে প্রাক সংলাপের আলোচ্যবিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/জেকে/এমএইচবি/২১৫৫ ঘ.
bdnews24