ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইন সংস্কার নিয়ে সংলাপের ক্ষেত্রে অচলাবস্থা দূর করতে বিএনপির দুই অংশের সঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত 'সৌজন্য সাক্ষাৎ' হিসেবে কথিত এ আলোচনায় নির্বাচন, বিএনপির ঐক্যসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
খালেদা জিয়ার গ্রেপ্তারের পর দলে ফাটল ধরায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে অন্যতম এ প্রধান রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ।
খালেদা মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ারের পক্ষ থেকে প্রতিনিধিদল নিয়ে আলোচনায় যাওয়া তানভীর আহমেদ সিদ্দিকী সাক্ষাৎ শেষে বলেছেন, "আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবে।"
চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেন, "আমরা নির্বাচন কমিশনকে এ মর্মে আশ্বস্ত করেছি যে, বিএনপির বৈধ মহাসচিব দেলোয়ার হোসেন বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলে ৭২ ঘণ্টার মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সংলাপে যাবো।"
বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ পত্রে দেলোয়ার হোসেনকে মহাসচিব সম্বোধন না করায় আমরা নির্বাচন কমিশনের কাছে ক্ষোভ প্রকাশ করেছি। বলেছি যে সংলাপ ফলপ্রসূ করতে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতি প্রয়োজন।"
তিনি আরও বলেন, "খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারকে জানাতে আমরা ইসিকে বলেছি। একই সঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার ও সারাদেশে ঘরোয়া রাজনীতি চালু করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"
প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "দু'পক্ষই আমাদের বলেছে তারা বিভক্তির মধ্যে থাকতে চায় না। ঐক্যবদ্ধ বিএনপি চায়। আমরা তাদের সময় দিয়েছি তারা যেন দু'তিন দিনের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ইসিকে জানায়। আমরাও বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই।"
তিনি বলেন, "আমরা তো আর অপেক্ষা করতে পারবো না। দুই তিন দিনের মধ্যে তারা ঐক্যবদ্ধ হয়ে না আসতে পারলে কমিশন সিদ্ধান্ত নিয়ে নেবে।"
ইসির সঙ্গে বৃহস্পতিবার প্রথম 'সৌজন্য সাক্ষাতে' যাওয়া বিএনপির 'সংস্কারপন্থী' অংশ নির্বাচনী 'রোডম্যাপ' বাস্তবায়ন করতে দ্রুত তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়।
উভয় বৈঠকে কমিশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
নির্বাচন কমিশন সংস্কারপন্থীদের সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলে কারাবন্দী খালেদা জিয়ার পক্ষে ওই চিঠির বৈধতা নিয়ে আদালতে রিট করা হয়। গত ১০ এপ্রিল খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্ট। এরপর সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করে ঐক্যবদ্ধভাবে সংলাপে বসার অনুরোধ জানাবেন।
গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছরের ফেব্র"য়ারিতে নির্বাচনী আইন চূড়ান্ত এবং মার্চে তা গেজেট আকারে প্রকাশের কথা ছিল।
নির্বাচন কমিশন ১২ সেপ্টেম্বর থেকে একমাত্র বিএনপি ছাড়া ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ করে। এরপর ২৪ ফেব্র"য়ারি দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ হয় কমিশনের। কিন্তু সংলাপে বিএনপি না থাকায় কমিশন নির্ধারিত সময়ে নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করতে পারেনি।
এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো দুই গ্র"পের সঙ্গে সৌজন্য সাক্ষাত। বিএনপির এই দুই অংশের মধ্যে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে বুধবার চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপ সচিব স্বাক্ষরিত চিঠি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে খোন্দকার দেলোয়ারের কাছে পৌঁছানো হয়।
নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমে সকাল সাড়ে দশটায় আলোচনায় বসেন 'সংস্কারপন্থী' বিএনপি প্রতিনিধিদল। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষ হয় বেলা ১১টা ৩৫ মিনিটে।
মেজর হাফিজের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মোফাজ্জল করিম ও সাবেক সাংসদ ফজলুল আজিম।
আলোচনা শেষে মাহবুবুর রহমান বলেন "খুব হৃদ্যতাপুর্ণ আলোচনা হয়েছে। এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। কোন এজেন্ডা ছিল না।"
তিনি বলেন, "গণতন্ত্রের উত্তরণে ইসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসি কাজ করে যাচ্ছে। তাদের কাজে আমাদের আস্থাও রয়েছে।"
মাহবুব বলেন "নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন করতে দ্রুত তফসিল ঘোষণা করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছি।"
বিএনপির ঐক্য নিয়ে তিনি বলেন, "বিএনপিতে কোন বিভক্তি নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব। আশা করছি নির্বাচন করব এবং ইসি ও সরকারের সংলাপে যাব।"
আলোচনায় ঐক্যের বিষয়টি কে তুলেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দু'পক্ষ থেকেই কথাটি উঠেছে। ইসি আমাদের একসঙ্গে সংলাপে আসতে বলেছে।"
আলোচনা চলার সময় সচিবালয়ের বাইরে খালেদা এবং সংস্কারপন্থী উভয়পক্ষের কিছু সমর্থক অবস্থান নেওয়ায় এক ধরনের চাপা উত্তেজনা ছিল। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার পর হাফিজদের উদ্দেশ্যে করে খালেদাপন্থী সমর্থকরা 'ধর ধর' বলে চিৎকার করে। এসময় খালেদা জিয়া সমর্থকরা সামনে দিকে এগিয়ে গেলে সংস্কারপন্থী সমর্থকরা দ্রুত স্থান ত্যাগ করেন।
খালেদাপন্থী কিছু নারী সমর্থক কমিশন কার্যালয়ে সিইসির বিরুদ্ধে শ্লোগান দেয় ।
অন্যদিকে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়।
'খালেদাপন্থী' অংশের সঙ্গে আলোচনা সাড়ে ১২টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার পর শেষ হয়। স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ১৬ সদস্যের এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।
মহাসচিব পদবি উল্লেখ করে চিঠি না দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কমিশনের সঙ্গে এই 'সৌজন্য সাক্ষাতে' অংশ নেননি।
শেরে বাংলা নগরে ইসির কার্যালয়ে চলমান আলোচনায় চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে খোন্দকার দেলোয়ারপন্থী অংশের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন আর এ গনি, আ স ম হান্নান শাহ, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, আবদুল মোমিন খোকা, শামসুজ্জামান দুদু, খায়রুল কবীর খোকন, সেলিম রেজা হাবিব, গাজী মো. শাহাজাহান জুয়েল, নাসিরউদ্দিন অসীম, নওশাদ জমির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমইউএ/এমএআর/এসকে/এমএ/১৫০৬ঘ.
bdnews24