ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির একাংশের সঙ্গে সরকারের প্রাক সংলাপের প্রতিক্রিয়ায় অপর অংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, মূল বিএনপিকে বাদ দিয়ে এ প্রাক সংলাপ দুঃখজনক।
কারাবন্দি দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না মেলায় খোন্দকার দেলোয়ার ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেদের বিএনপির মূল ধারা দাবি করে অপর অংশকে 'সরকারি বিএনপি' বলেও আখ্যায়িত করেছেন তিনি।
বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশটি মঙ্গলবার দুপুরে সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে প্রাক সংলাপ আলোচনায় অংশ নেয়।
সংলাপসহ বিভিন্ন বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মঙ্গলবার দুপুরে তিন ঘণ্টার বৈঠক শেষে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "মূল বিএনপিকে বাদ দিয়ে এ প্রাক সংলাপ দুঃখজনক।"
সংলাপের নামে সরকার ও নির্বাচন কমিশন 'নাটক' করছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজেদের অংশটিকে বিএনপির মূল ধারা দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "দেশবাসী জানে, কে বিএনপির বৈধ মহাসচিব। ফ্যাক্টরি থেকে তৈরি মহাসচিবকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।"
দলের অপর অংশটিকে 'সরকারি বিএনপি' আখ্যা দিয়ে তিনি বলেন, "সরকার কি বিএনপির সঙ্গে সংলাপ করতে চায়? তা হলে কেন সরকারি বিএনপির সঙ্গে সংলাপ করছে। এর উদ্দেশ্য কী, দেশবাসী তা জানতে চায়।"
সংলাপের প্রস্তুতিমূলক আলোচনায় যাওয়ার বিষয়টি নাকচ না করে খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা প্রাক সংলাপে যাব না, এমন কথা বলিনি। তবে ওই রকম আলোচনায় বসার আগে নেত্রীর সঙ্গে আলাপ করার কথা বলেছি। এটা সংলাপে যাওয়ার প্রক্রিয়ারই অংশ ছিল। কিন্তু আমাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না।"
দলের দুই অংশের ঐক্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে খোন্দকার দেলোয়ার তা এড়িয়ে গিয়ে বলেন, "আমরা খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমাদের মধ্যে কোনও ভুল-বোঝাবুঝি নেই।"
তিনি খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমানসহ কারাবন্দি সব রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানান।
বিএনপির এ অংশের নেতারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন।
দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "নেত্রীর মুক্তির জন্য আমরা আইনি লড়াই করছি। পরবর্তীতে ধরে নিয়েছি সংলাপ। এতেও যদি কিছু না হয়, অচিরেই কর্মসূচি দেওয়া হবে।"
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "সফল সংলাপ করতে হলে অবশ্যই কারাবন্দি দুই নেত্রীর উপস্থিতি সরকারকে নিশ্চিত করতে হবে।" একই সঙ্গে সংলাপে সরকারের আমন্ত্রণ পেলে নেতাদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
খোন্দকার দেলোয়ার হোসেনের ন্যাম ফ্ল্যাটের বাসায় বিএনপির এ অংশের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, ড. মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাবুদ্দৌলা চৌধুরী, কবির মুরাদ, এ কে এম মুজিবুর রহমান, জয়নাল আবেদীন, কাজী আসাদুজ্জামান, মিয়া মোহাম্মদ সেলিম, আবদুস সালাম আজাদ, খায়রুল কবীর খোকন, নাজিমউদ্দিন আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৭৪৫ঘ.
bdnews24