২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে দলগুলোর সংলাপ চায় আ. লীগ

সরকারের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ 'দ্বিপক্ষীয়' হতে হবে। সরকারপক্ষও প্রাথমিকভাবে এতে সম্মতি দিয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন আওয়ামী লীগ নেতারা। সন্ধ্যা সাড়ে ৭টা ২০ এ বৈঠক শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ 'দ্বিপক্ষীয়' হতে হবে। সরকারপক্ষও প্রাথমিকভাবে এতে সম্মতি দিয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন আওয়ামী লীগ নেতারা। সন্ধ্যা সাড়ে ৭টা ২০ এ বৈঠক শেষ হয়। পরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, "আমরা শেখ হাসিনার মুক্তি, সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের তারিখ ঘোষণা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছি।" তিনি বলেন, "আমরা উপদেষ্টাদের বলেছি আনুষ্ঠানিক সংলাপ হতে হবে দ্বিপক্ষীয়। সেখানে প্রধান উপদেষ্টাকে উপস্থিত থাকতে হবে। উপদেষ্টাদের বাইরে কেউ উপস্থিত থাকতে পারবে না।" দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিমসহ নেতাকর্মীদের মুক্তি চাওয়া হয়েছে জানিয়ে সৈয়দ আশরাফুল বলেন, "আনুষ্ঠানিক সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার মুক্তি পরিবেশ সৃষ্টির সহায়ক হবে।" হাসিনার মুক্তি প্রসঙ্গে সরকারের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, বলেন, "নেত্রীর মুক্তির ব্যাপারটি তারা আন্তরিকভাবে বিচেনা করবেন বলে জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।" আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, "প্রাক-সংলাপে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা সংলাপের পটভূমি মাত্র। আমাদের যুক্তি উপদেষ্টারা অনুধাবন করতে পেরেছেন। আমাদের দাবি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে জানিয়েছেন।" এরপর বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "আমাদের সঙ্গে তারাও (আওয়ামী লীগ) মনে করে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। আমরা মনে করি আস্থার পরিবেশ সংলাপের মাধ্যমে তৈরি হবে।" হোসেন জিল্লুর বলেন, "ফলপ্রসু নির্বাচনের সঙ্গে সঙ্গে জনগণের আকাক্সক্ষা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কাঠামো সংস্কার করা দরকার।" দ্বিপক্ষীয় সংলাপের বিষয়ে সরকারও একমত বলে তিনি জানান। তবে শেখ হাসিনাসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে উপদেষ্টা কোনো কথা বলেননি। বাণিজ্য উপদেষ্টা বলেন, "আস্থার পরিবেশ তৈরি করা ও আইনি প্রক্রিয়া সমুন্নত রাখা, ফলপ্রসূ নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতির গুণগত মান উন্নয়ন- এই তিনটি বিষয়ে আলোচনা হয়েছে।" সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আলোচনায় অংশ নেয় আওয়ামী লীগ। আমির হোসেন আমু ও সৈয়দ আশরাফুল ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী। সরকার পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গত শনিবার দুপুরে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকে সংলাপের আমন্ত্রণ জানান। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গেও এক দফা প্রাক-সংলাপ করেছে সরকার। এছাড়া বিএনপির দুই অংশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এসএনডি/এমএইচবি/২০৪৫ ঘ.