ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনিজুয়েলায় বিশ্ব শান্তি পরিষদের অধিবেশনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে।
ভেনিজুয়েলার কারাকাসে গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এ প্রস্তাব উত্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রোববার বিশ্ব শান্তি পরিষদের অধিবেশন শেষ হওয়ার কথা।
শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্মেলনে মেনন বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও খাদ্য সঙ্কটের কথাও তুলে ধরেন।
এবারের অধিবেশনে ব্রাজিলের মিস মারা গোমেজ বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট ও এ পেফিলিস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ প্রতিনিধি দলে আরো রয়েছেন কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাবেক সাংসদ হারুন-অর-রশীদ, বিশ্ব শান্তি পরিষদের বাংলাদেশ কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ও লন্ডন প্রবাসী ডা. জিন্নাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৭৫৪ঘ.
bdnews24