২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম শুনানি মুলতবি করেন। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত। (আরো তথ্যসহ-৩) বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম শুনানি মুলতবি করেন। এর আগে শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদনের ওপর তৃতীয় দিনের মত শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা। ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ও ব্যারিস্টার তৌফিক নেওয়াজ শুনানিতে অংশ নিয়ে হাসিনাকে কেন এ মামলা থেকে অব্যাহতি দেয়া হবে সে বিষয়ে আদালতের কাছে আইনী ব্যাখ্যা উপস্থাপন করেন। তারা আদালতকে বলেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বর্তমান সরকারই স্বীকার করেছে, গত ছয় বছর বিদ্যুৎ খাতে কোনো উন্নয়ন হয়নি। দরপত্র অনুযায়ী সর্বনিম্ম দরদাতাকে কাজটি দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ নিউ ইংল্যাণ্ড কোম্পানীকে সর্বনিম্ম দরদাতা দাবি করছে, কিন্তু তাদেরকে কাজটি দেওয়া হলে ৩'শ ১৬ কোটি টাকা ক্ষতি হতো। শেখ হাসিনা ওই ক্ষতি থেকে দেশকে রক্ষা করেছেন। আওয়ামী লীগ সভানেত্রীর আইনজীবীরা বলেন, সংবিধান ও আইন বহির্ভুতভাবে এ মামলা করা হয়েছে। একইভাবে তা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তও করা হয়েছে। কিন্তু উচ্চ আদালত আজম জে চৌধুরীর একই ধরনের মামলাকে অবৈধ ঘোষণা করেছে। দুপুর সাড়ে ১২ টার আদালত মুলতবি হওয়ার পর বিচারকের অনুমতি নিয়ে শেখ হাসিনা তার আইনজীবী ও আত্মীয়স্বজনের সঙ্গে আধ ঘন্টা কথা বলেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসিনাকে বিশেষ কারাগার থেকে এবং মামলার অপর আসামী তৌফিক ই ইলাহী চৌধুরীকে সাড়ে নয়টায় আদালতে হাজির করা হয়। আদালতে হাসিনাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। তিনি বেশ কয়েকবার একই কাঠগড়ায় থাকা তৌফিক ইলাহীর সঙ্গে কথা বলে হাসছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বাইরে অপেক্ষমান সাংবাদিকদের ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, শেখ হাসিনা যা করেছেন সেটা সংবিধান অনুযায়ীই করেছেন। জনগণ তাকে যে ক্ষমতা দিয়েছিল, সেই জনগণের জন্যই তিনি কাজ করেছেন। এর বাইরে তিনি কিছুই করেননি। শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, সরকার চাইলেই তাকে বিদেশে পাঠানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার বিষয়ে সরকারের সদিচ্ছা নেই। এ সময় হাসিনাকে উদ্ধৃত করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা বলেছেন অবৈধভাবে শত শত কোটি টাকা অর্জন করিনি। যারা তা করেছে আজ তাদের বিচারই শুরু হয়নি। তিনি বলেন, শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কোনো ভাবেই যেন তারা বিভ্রান্ত না হন। প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমএ/১৭৪৫ঘ.