২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ন্যায়বিচার পেয়েছি: হাফিজ

বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 08:25 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমরা ন্যায়বিচার পেয়েছি। খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হবে।" একইসঙ্গে তিনি জানান, খোন্দকার দেলোয়ার, আ স ম হান্নান শাহ সহ সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করেই তারা বিএনপির একটি ঐক্যবদ্ধ প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে চান। সারা দেশ ও বিদেশের দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে হাফিজউদ্দিন বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থাকুন। তিনি আমারও নেত্রী। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি অংশ নেবে।" বিকেল চারটায় বনানীর বাসায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার পুরো প্রতিক্রিয়া জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমএ/১৪২১ঘ.