ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ নিয়ে আবার আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে সরকার।
দ্বিতীয় দফা বৈঠকের অনুরোধ জানিয়ে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে টেলিফোন করেছেন।
এ বিষয়ে তোফায়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে উপদেষ্টা টেলিফোনের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) সন্ধ্যায় আমাদের দলের সভাপতিমণ্ডলীর বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকটি হবে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায়।
এর আগে গত সোমবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংলাপ নিয়ে প্রথম দফা বৈঠক করেন সরকারের পাঁচজন উপদেষ্টা।
তখন আওয়ামী লীগের নেতারা জানান, ওই বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক এবং এতে আরেকটি আনানুষ্ঠানিক বৈঠকেরও সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী।
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ।
সংলাপ নিয়ে আলোচনার জন্য বিএনপির উভয় অংশের সঙ্গেও মঙ্গলবার যোগাযোগ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24