২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করতে না দিলে কোন সংলাপ নয়: দেলোয়ার

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দিলে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনরকম সংলাপেই যাবে না বিএনপির খালেদাপন্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দিলে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনরকম সংলাপেই যাবে না বিএনপির খালেদাপন্থীরা। বুধবার খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার বাসায় সাংবাদিকদের এ কথা বলেন। একইসঙ্গে তিনি রোডম্যাপ বাদ দিয়ে ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি করেন। দেলোয়ার হোসেন বলেন, "সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যে ধরনের বৈঠক করারই প্রস্তাব দেওয়া হোক না কেন তার আগে আমাকে চেয়ারপারসনের সঙ্গে কথা বলতে দিতে হবে। চেয়ারপারসনের সঙ্গে কথা না বলে আমি কোন সংলাপেই বসবো না।" দেশে এখন মহাদুর্যোগ চলছে এবং এজন্য সরকারকে দায়ী করে দেলোয়ার বলেন, সরকারের উচিত মঙ্গাপীড়িত এলাকাকে দুর্গত ঘোষণা করে লঙ্গরখানা খোলা। নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে দেলোয়ার হোসেন বলেন, "এই কমিশন মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা মূলধারার বিএনপির বদলে যাদেরকে সংলাপের জন্য চিঠি দিয়েছে তারা সরকারের তৈরি বিএনপি। 'ইসি কারখানা' থেকে অস্থায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অস্থায়ী মহাসচিব তৈরি করে তাদেরকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।" দেলোয়ার আরো বলেন, মহাসচিব হিসেবে দলের চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। অন্য কারও এখানে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। অচিরেই দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে কর্মসূচী ঘোষণা করবেন বলে জানান তিনি। মঙ্গলবার মার্কিন চার্জ দ্য অ্যফেয়ার্স গীতা পাসির সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের গণতন্ত্র পুন: প্রতিষ্ঠায় ও মানবাধিকার রক্ষায় তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন বলে জানান দেলোয়ার হোসেন। সরকারকে বর্তমান সংকটের উত্তরণ ঘটাতে কারাবন্দী সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দেওয়ার দাবি জানান দেলোয়ার হোসেন। একইসঙ্গে আটক সব নেতার মুক্তি এবং সারাদেশের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি. সাবেক সাংসদ সেলিমা রহমান, শাহ নুরুল কবির শাহীন, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সেলিম রেজা হাবিব, শিরিন সুলতানা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, গাজী মো. শাহজাহান, হেলেন জেরিন খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএ/১৩৩০ঘ.