ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্র থেকে খোন্দকার দেলোয়ার হোসেন দেশে ফেরার পরই কর্মসূচি দেবে বিএনপি। তবে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা স্পষ্ট করেনি দলটির নেতারা।
মঙ্গলবার সংসদ ভবনের বিএনপির একাংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
তিনি বলেন, ''মহাসচিব অল্প কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। এর পরই নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি দেওয়া হবে।''
সোমবার তারেক রহমানসহ তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা অভিযোগপত্র ও দেলোযারপুত্র খন্দকার আখতার হামিদ পবনকে দেয়া কারাদণ্ডের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন,''তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রের কোনো আইনগত বৈধতা নেই। এটা বানোয়াট ও মিথ্যা। খালেদা জিয়াকে পর্যুদস্ত করতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।''
একই সঙ্গে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে পবনকে দেওয়া কারাদণ্ডে ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ''দেশের মানুষকে ভয় দেখানোর জন্য সরকার এসব নির্যাতনের পথ বেছে নিয়েছে। এভাবে নির্যাতন করে জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করা যাবে না।''
অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারসহ খালেদা জিয়াসহ আটককৃত সবার মুক্তি দাবি করেন রিজভী আহমেদ।
ডা. জোবাইদা রহমান ও সৈয়দা ইকবাল মান্দ বানু'র সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে রিজভী বলেন, ''তারা মোটেই বিচলিত নন। কোনো চাপের মুখে তারা মাথা নত করবেন না। তারা মনে করেন, জিয়াউর রহমান যেভাবে দেশের জন্য জীবন দিয়েছেন, সেভাবে তারাও দেশ ও গণতন্ত্র রক্ষায় জীবন দিতে প্রস্তুত রয়েছেন।''
তারেক রহমানের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা নাসির উদ্দিন অসীম বলেন, ''যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা কমে গেছে। তারেক রহমানের সম্পদের হিসাব সঠিকভাবেই দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে। ছয় মাস পরে অভিযোগপত্র দেওয়ায় এটা প্রমাণিত যে-খালেদা জিয়ার মন গলানো যায় কিনা সেজন্যই এই কালক্ষেপণ করা হয়েছে।''
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শিরিন সুলতানা, তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৩৪৩ ঘ.
bdnews24