ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, ২২ মার্চ পর্যন্ত সারাদেশে পাঁচ কোটি এক লাখ ৬৪ হাজার ২০০ জন ভোটারকে নিবন্ধিত করা হলেও এ সময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয়েছে এক কোটি এক লাখ ১৬ হাজার ৩৪৩টি। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৫৭ লাখ ৯৯ হাজার ৪০২টি।
উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, স্থানীয় প্রশাসন পরিচয়পত্রগুলোর বৈধতা যাচাই করছে বলে কার্ড তৈরিতে বেশি সময় লাগছে। এ কারণে ভোটারদের একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র দেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, "ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য অল্প কয়েকটি তথ্য প্রয়োজন হলেও জাতীয় পরিচয়পত্রে অনেক তথ্য সংযোজন করতে হয়। স্থানীয় প্রশাসন যাচাইয়ের পর এ সব পরিচয়পত্রে স্বাক্ষর দেয়। তারপর তা বিতরণের জন্য প্রস্তুত করা হয়। সব মিলিয়ে ভোটার তালিকা তৈরি সহজ হলেও পরিচয়পত্র তৈরির কাজ বেশ সময় সাপেক্ষ।"
বিশ্বাস লুৎফর রহমান জানান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আইনটি জারি না হওয়ায় এটি ব্যবহার করে এখনই কোনো নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। আইনটি জারি হলে ভোটাররা টেলিফোন, বিদ্যুত, গ্যাস, পানি - ইত্যাদির বিল পরিশোধ, পাসপোর্ট তৈরি, জমি বেচাকেনা, বিভিন্ন লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো কাজে পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র তৈরির প্রকল্পটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে সেনাবাহিনী প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এর সঙ্গে স্থানীয় বা জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সুতরাং পরিচয়পত্র তৈরির কাজে কমিশন এখন কিছুটা পিছিয়ে থাকলেও নির্বাচন আয়োজনে কোনো ব্যাঘাত ঘটবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/জিএনএ/১৮২৫ ঘ.
bdnews24