২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ক্ষমতা ছাড়তে না চাইলে 'চাপ' দেবে জার্মানি

তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতা ছাড়তে না চায় তাহলে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের উপর জার্মানি 'চাপ' প্রয়োগ করবে বলে জানিয়েছেন সফররত জার্মান প্রতিনিধিদলের প্রধান থিলো হোপ। থিলো হোপ বলেন, "যদি দেখা যায় সরকার ক্ষমতা ছাড়ছে না, এক্ষেত্রে আমরা নির্বাচন অনুষ্ঠানে সরকারের উপর চাপ প্রয়োগ করবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতা ছাড়তে না চায় তাহলে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের উপর জার্মানি 'চাপ' প্রয়োগ করবে বলে জানিয়েছেন সফররত জার্মান প্রতিনিধিদলের প্রধান থিলো হোপ। থিলো হোপ বলেন, "যদি দেখা যায় সরকার ক্ষমতা ছাড়ছে না, এক্ষেত্রে আমরা নির্বাচন অনুষ্ঠানে সরকারের উপর চাপ প্রয়োগ করবো।" রোববার চারদিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ছয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক জার্মান সংসদীয় কমিটির চেয়ারম্যান থিলো হোপ এ কথা বলেন। পাশাপাশি তিনি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, "নির্বাচনের আগেই রাজনৈতিক দলের উচিত দলের মধ্যে সংস্কার আনা।" তবে ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে যথা সময়ে নির্বাচন না হলে নির্বাচন স্থগিতের কারণ জানতে বাংলাদেশের সঙ্গে জার্মানি সংলাপে বসবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়টির উপর জোর দিয়ে থিলো হোপ জানান, নেতাদের মাধ্যমে নয় বরং তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের প্রতিনিধি মনোনীত হওয়া উচিত। জরুরি অবস্থা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, "প্রার্থীরা যাতে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করতে পারে সে জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিত।" তবে প্রতিনিধি দলের অপর সদস্য ও জার্মানির সাংসদ ড. ভলভগাঙ ভোডার্গ তাদের অবস্থান ব্যাখ্যা করতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিনিধি দলের প্রধান হোপ 'চাপ' নয়, বরং 'রাজনৈতিক প্রভাব' বোঝাতে চেয়েছেন।" চারদিনের সফরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র উপদেষ্টা, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এএল/এমএ/১৫১৫ঘ.