ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে সম্ভাব্য দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার ঢাকায় তার দলের আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেছেন, "আগে বাঁচার লড়াই, তারপর গণতন্ত্র।"
সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনায় বিকল্পধারা প্রধান বলেন, "দ্রব্যমূল্যই আজ বড় সমস্যা। সবকিছুর আগে এই সমস্যার সমাধান করতে হবে। কোনোভাবেই যেন দেশে দুর্ভিক্ষ না আসে সরকারকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগে বাঁচার লড়াই, তারপর গণতন্ত্র।"
দুর্ভিক্ষ ঠেকাতে যে কোনোভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান বি চৌধুরী।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বর্ষীয়ান এ নেতা বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার যে কোনো সময় করা যায়। জার্মানী ও ইসরাইলে অনেক বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। কোনো দেশে এখনো করা হচ্ছে।"
তিনি আরও বলেন,"কোনো কোনো উপদেষ্টার মুখে শুনি আমাদের রেকর্ড পরিমাণ রিজার্ভ রয়েছে। কিন্তু জনগণ রিজার্ভ খাবে না।"
বিকল্পধারা সভাপতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কয়েকটি নির্দেশনা দিয়ে তা অবিলম্বে কার্যকর করার দাবি জানান।
এর মধ্যে রয়েছে সিডর-আক্রান্ত, নদী ভাঙন, বস্তি, মঙ্গাপীড়িত এবং পার্বত্য এলাকায় রেশন ও খোলাবাজারে খাদ্যবিক্রির পরিমাণ বাড়ানোর ব্যবস্থা করা, আগামী ৬ মাসের জন্য তামাক, পাটসহ অন্যান্য কৃষিপণ্যের চাষ বন্ধ করে শুধু খাদ্যশস্য চাষ করার নির্দেশ দেওয়া , অ-শ্রম উন্নয়ন প্রকল্প বন্ধ করে সে অর্থ দিয়ে খাদ্য আমদানি করা, দরিদ্র শ্রমিকদের জন্য শিল্পকারখানার মালিক কর্তৃক প্রতি মাসে এক মণ করে চালের ব্যবস্থা করা ইত্যাদি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের সংকট নিরসনে আমরা ৯ দফা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম ওই প্রস্তাবের ভিত্তিতে নির্বাচনের পর ১০ বছর মেয়াদী জাতীয় সরকার গঠন করতে।
দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বলেন, মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার শপথ করতে হবে ।
জয়নাল আবেদীনের (বীরপ্রতীক) সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবু মোজাফফর আহমেদ, মাহমুদা হক চৌধুরী, একেএম মজিবুর রহমান, হাজী আকন্দ, চলচ্চিত্রকার শহীদুল ইসলাম খোকন, কার্তিক ঠাকুর, শহিদুর রহমান, নাসির উদ্দিন, অধ্যাপক শরিফুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১০৫ঘ.
bdnews24