২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার মুক্তির দাবিতে গণস্বাক্ষরতা অভিযান চালাবে আ.লীগ

শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের দাবিতে আগামী পাঁচ এপ্রিল থেকে গণস্বাক্ষরতা অভিযান চালাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের দাবিতে আগামী পাঁচ এপ্রিল থেকে গণস্বাক্ষরতা অভিযান চালাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের মাঝপথেই মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের দাবিতে আগামী পাঁচ এপ্রিল থেকে মহানগর আওয়ামী লীগের কর্মীরা গণস্বাক্ষরতা অভিযান শুরু করবে। তারা রাজধানীর প্রতিটি ঘরে গিয়ে দাবির পক্ষে স্বাক্ষর সংগ্রহ করবে। আমরা পেশাজীবী সংগঠনগুলোর কাছ থেকেও স্বাক্ষর সংগ্রহ করবো।" তিনি জানান, তাদের লক্ষ্য দশ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। পক্ষকালব্যাপী এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান উপস্থিত থাকবেন। পরে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি সম্বলিত গণস্বাক্ষর পৌঁছে দেবেন। কামরুল ইসলাম আরো বলেন, "আমরা বিশ্বাস করি আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই গণস্বাক্ষরতা অভিযানকে সমর্থন দিয়ে তা দেশব্যাপী ছড়িয়ে দেবে।" ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এএম আজিজের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আব্দুল জলিল, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিমসহ আটক আওয়ামী লীগ নেতাদের মুক্তি দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এমএ/১৮৫০ঘ.