২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফেরেস্তা'র শাসন দেশের মানুষের ক্ষুধা মেটাতে পারেনি: রিজভী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছেন, দেশে যে 'ফেরেস্তা'র শাসন চলছে, তারা মানুষের ক্ষুধা মেটাতে পারেননি। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার নাগরিক সমাজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছেন, দেশে যে 'ফেরেস্তা'র শাসন চলছে, তারা মানুষের ক্ষুধা মেটাতে পারেননি। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার নাগরিক সমাজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় ড. কামাল হোসেন বলেন, সৎ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে কালোটাকা ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমান সঙ্কট উত্তরণে রাজনীতিবিদদের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান। 'আগামী দিনে কেমন রাজনীতিবিদ দেখতে চাই' শীর্ষক ওই আলোচনা সভায় রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, "অতীতে দেশে যেভাবে নির্বাচন হয়েছে, তার কবর রচনা করতে হবে। কোটি টাকা ব্যয়ে নির্বাচনের ধারা ভেঙে ফেলতে হবে। কালো টাকা ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা না গেলে আগামীতে সৎ প্রার্থীরা নির্বাচনের অংশ নিতে পারবে না।" যোগ্য প্রার্থী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করে তোলার আহ্বান জানান ড. কামাল হোসেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সরকার দেশে কেমন রাজনীতি চান, কী সংস্কার করতে চান, জরুরি অবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটবে- এ সব বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।" তিনি বলেন, "সংলাপের মাধ্যমে সমঝোতা সৃষ্টি হলে বর্তমান সঙ্কট উত্তরণ হতে পারে।" জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "৩৬ বছর পরিবারতন্ত্র ও দলবাজরা রাষ্ট্র ব্যবস্থা দখল করে রেখেছিল। তাই এবার রাষ্ট্রব্যবস্থাকে সে দখলমুক্ত করে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। দুর্নীতিবাজ ও জঙ্গিদের ঠেকাতে সব রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে।" বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, "আমাদের মধ্যে ভুল-ক্রটি থাকতে পারে, কিন্তু কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা বিনষ্ট করা যাবে না। আজ এ প্রক্রিয়া ধ্বংস করতে সংবিধান বহির্ভূত হস্তক্ষেপের জন্য রাজনীতিবিদদের হেয় করা হচ্ছে। এ ষড়যন্ত্র রুখতে হবে।" বাজার পরিস্থিতির চিত্র তুলে ধরে রিজভী আহমেদ বলেন, "দেশে যে ফেরেস্তার শাসন চলছে, তারা মানুষের ক্ষুধা নিবারণ করতে পারেননি। চালের দাম আজ ৪০ টাকায় উঠেছে।" ভূমিহীন কৃষক কালা প্রামানিক বলেন, "রাতে করেন কালোবাজারী, আর দিনে গরিবের কথা বলেন; এমন রাজনীতিবিদদের আর দেখতে চাই না। গরিব মানুষের কথা যারা প্রকৃতই বলেন, তাদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।" আদিবাসীদের পক্ষে আলবার্ট মানকিন বলেন, "আধিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তাদের সংসদে প্রতিনিধিত্ব রাখার সুযোগ করে দিতে হবে।" সন্ত্রাসীদের গুলিতে নিহত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সনির বাবা হাবিবুর রহমান বলেন, "যে রাজনীতি আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সে রাজনীতির অবসান ঘটাতে হবে।" আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক এ বি এম ওসমান গনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত সুজিত চক্রবর্তী, বৌদ্ধ ধর্মীয় গুরু সুনান্দ ভিক্ষু, খ্রিস্টান ধমর‌্যাজক বেভারেজ বীরবল হালদার, ডা. আবদুল রব মণ্ডল, মাওলানা আবুল হাসান শরীয়তপুরী, এস এন ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৬১৬ ঘ.