ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত না করতে পারার ব্যর্থতা আমাদের ইতিহাসের ওপর অশুভ প্রভাব রেখে চলেছে জানিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, সে ব্যর্থতার মূল্য আমাদের দিতে হয়েছে বঙ্গবন্ধু, তার পরিবার এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের অনেক বীরদের জীবনের বিনিময়ে। এসব ঘটনা আমাদের ইতিহাসকে যেমন বিকৃত করেছে; রাষ্ট্রের মূলনীতি থেকে আমাদের করেছে বিচ্যুত; সমকালীন রাজনীতিকেও করেছে সংক্রামিত ও বিভাজিত।
মঙ্গলবার স্বাধীনতা পদক-২০০৮ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় রেহমান সোবহান একথা বলেন। অধ্যাপক রেহমান সোবহানকে এ বছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে রেহমান সোবহানের হাতে পদক তুলে দেন।
রেহমান সোবহান ছাড়াও এবার স্বাধীনতা পদক পেয়েছেন ড. শামসুজ্জোহা (মরণোত্তর), অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব (মরণোত্তর) এবং বাংলাদেশ রাইফেলস।
স্বাধীনতা পদক জয়ী অধ্যাপক রেহমান সোবহানের অনুমতি নিয়ে অনুষ্ঠানে দেওয়া তার বক্তৃতাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ প্রকাশ হলো।
অধ্যাপক রেহমান সোবহানের পূর্ণ বক্তৃতা
আমি অত্যন্ত বিনয়ের সাথে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করছি, এবং একইসাথে এ পুরস্কারের মর্যাদার ভার বহনে আমার সামর্থ্যের অপ্রতুলতার কথাও ভাবছি। আমাদের প্রজন্মের যাঁরা বাংলাদেশের মুক্তিসংগ্রামের সাথে যুক্ত থাকার সুযোগ পেয়েছিলেন তাঁরা সত্যিই সৌভাগ্যবান। সেই অগ্নিঝরা দিনগুলোতে একজন অতি সাধারণ মানুষও তাঁর নিজস্ব যোগ্যতা, সক্ষমতা ও প্রত্যাশার চেয়ে অনেক বেশি বীরত্ব ও কৃতিত্বের সাথে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। এটা ছিল এমন এক ব্যতিক্রমী সময় যখন একজন কৃষক হয়ে ওঠেন যোদ্ধা, আমলা হয়ে যান সেনানি, মেজর পরিণত হন জেনারেলে এবং একজন গৃহবধুও হয়ে যান মুক্তিসংগ্রামের অকুতভয় সহযোদ্ধা যাঁদের মধ্যে কেউ কেউ হাতে তুলে নেন অস্ত্র। এটা ছিল এমন এক সময় যখন আমার মতো শিক্ষকরাও হয়ে যান কুটনৈতিক
bdnews24