ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমনত্রী শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে মিগ-২৯ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় আসামীদের উপস্থিতি ও অভিযোগ গঠনের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার এ তারিখ ধার্য করেন।
এর আগে গত ১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলা খারিজের আবেদন নাকচ করে দিয়েছিল।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ কিনে রাষ্ট্রের প্রায় ৭শ' কোটি টাকার ক্ষতি করেছেন।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানবাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমডোর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/১২২২১ ঘ.
bdnews24