ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐক্য বিরোধীরা বিএনপির বন্ধু নয় বলে মন্তব্য করেছেন 'সংস্কারপন্থী' নেতা সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
সোমবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় এক আলোচনা সভায় ঐক্য প্রক্রিয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মান্নান ভূঁইয়া বলেন,'' যারা ঐক্যবিরোধী, তারা বিএনপির বন্ধু নয়। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিএনপির ঐক্য হতেই হবে।''
গুলশানের এলিগ্যান্ট কমিউনিটি সেন্টারে কথিত সংস্কারপন্থী বিএনপি আয়োজিত এ সভায় নেতারা দলের ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে একই সুরে কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এক বিতর্কিত উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত এম সাইফুর রহমান বলেন, ''মন, দল ও সরকারের সংস্কার করতে হবে। একক ক্ষমতার ধারা বদল করতে হবে।''
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি অংশ নেবে-এরকম আশাবাদ ব্যক্ত করে সাইফুর বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমরা চাই সর্বক্ষেত্রে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে।''
দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান ভূঁইয়া 'রোডম্যাপ' অনুযায়ী নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, "দলকে সেজন্য এক হতে হবে। যারা ঐক্য প্রক্রিয়ার বাইরে থাকবেন, তারা কর্মী ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।"
মান্নান ভূঁইয়া বলেন , আগামী নির্বাচনে কেবল বিএনপিই দলগতভাবে ঐক্যবদ্ধ হবে না, সকল জাতীয়তাবাদী শক্তি এক হয়ে নির্বাচন করবে। সেই নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
দলের সাবেক মহাসচিব দ্রব্যমূল্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আরো বেশি ভিজিএফ-ভিজিডি কার্ড বিতরণ এবং মুক্তিযোদ্ধা ও বয়স্কভাতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের 'ঘোষণা পাঠক' হিসেবে বর্ণনা করার ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে তিনি বলেন,'' জিয়াকে অবমূল্যায়ন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তা বন্ধ করতে হবে।''
অস্থায়ী মহাসচিব মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ কথিত ঐক্যবিরোধীদের উদ্দেশ্যে বলেন,'' দ্বিধা-দ্বন্দ্ব বাদ দিয়ে ঐক্যের জন্য কাজ করুন। আমরা ঐক্য চাই। তবে তার অর্থ এই নয় যে, আমরা দুর্বল হয়ে গেছি। কেউ কাদায় পড়ে যাইনি।''
বিগত জোট সরকার আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, '' আমরা মন্ত্রীসভায় গিয়ে সবাই মূক ও বধির ক্লাবের সদস্য হয়েছিলাম। কেউই কথা বলতে পারিনি। তোষামোদ করে গেছি। এই সংস্কৃতির রাজনীতি পরিহার করতে হবে। দলে গণতন্ত্র চর্চার জন্য সংস্কার হতে হবে।''
হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করীম, এম এ হাকিম, কেন্দ্রীয় নেতা শাহ মো. আবুল হোসাইন, নাজির হোসেন, জহির উদ্দিন স্বপন, শামীম কায়সার লিংকন, শাহরিয়ার আখতার বুলু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, ড. তারেক শামসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৩ঘ.
bdnews24