ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রোববার শেখ হাসিনাকে আদালতে হাজির না করায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম ৩০ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করেন। একই সঙ্গে ওই দিন হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশও দেন।(আরো তথ্যসহ)
কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে শেখ হাসিনার শারীরিক অবস্থা সম্পর্কে স্কয়ার হাসপাতালের দেওয়া প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক ডা. এমডি সানোয়ার হোসাইন। তবে ওই প্রতিবেদনে কি লেখা হয়েছে তা জানা যায়নি।
হাসিনাকে হাজির না করা সম্পর্কে রোববার কারা কর্তৃপক্ষ আদালতে অন্য একটি প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, 'শেখ হাসিনা সুস্থ আছেন। আদালতে আসার ইচ্ছে পোষণ না করায় তাকে হাজির করা হয়নি।'
তবে শেখ হাসিনার আইনজীবীরা কারা কর্র্তৃপক্ষের ওই প্রতিবেদনকে 'মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন' অভিহিত করে বলেন,"গত ১৩ দিন যাবত শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। তার অবস্থা নিয়ে আমরা শংকিত।"
অভিযুক্তের একজন আইনজীবী আব্দুল মান্নান খান আদালতকে বলেন,"শেখ হাসিনা আদালতে আসতে ইচ্ছুক নন এই বক্তব্য আমরা বিশ্বাস করি না। তার জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে যারা তাকে হত্যা করতে পারেনি এখন তারাই তিলে-তিলে হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত।"
তিনি আরও বলেন,"ডিআইজি (প্রিজন) মনের মাধুরী মিছিয়ে এই মিথ্যা রিপোর্ট তৈরি করেছে। এটা ডাহা মিথ্যা। কেননা হাসিনা সুস্থ থাকলে তাকে হাসপাতালে না রেখে বিশেষ কারাগারে আনা হতো।"
এ সময় বিচারক বলেন,"আপনারা একই সঙ্গে রাজনীতিবিদ ও আইনজীবী এটা আমি জানি। কিন্তু আপনারা যখন আদালতে আসবেন তখন আদালতের ভাষা ব্যবহার করবেন। এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামীম আহসান হাবিব আদালতকে বলেন,"আসামিকে আদালতে হাজির করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করছি।"
এরপর বিচারক আগামী ৩০ মার্চ শেখ হাসিনাকে আদালতে হাজির করার জন্য সংশি
bdnews24