ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের আগেই খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে চিঠি দিয়েছে খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপি। রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনির স্বাক্ষর করা চিঠিটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
পরে রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে আমি প্রধান উপদেষ্টা কার্যালয়ে অভ্যর্থনা বিভাগের কর্মকর্তাদের কাছে ড. আর এ গনির চিঠিটি পৌঁছে দিয়েছি। দলের প্যাডে দুই পৃষ্ঠার চিঠিতে দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ সব রাজবন্দিকে ২৬ মার্চের আগে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।''
চিঠিটি প্রধান উপদেষ্টার দপ্তরের দেওয়ার সময়ে বিএনপির সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা হাবিবুন নবী খান সোহেল, মুনির হোসেন, মহিউদ্দিন খান মোহন, মারুফ আল হাসান উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র নেতা ও অঙ্গসংগঠনের নেতাদের বৈঠকে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৪৫৭ঘ.
bdnews24