ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, স্ত্রী তাসমিমা হোসেন ও চাচাত ভাই মাহমুদ হোসেনের বিরুদ্ধে করা দুটি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
মঞ্জুর চাচাত ভাই মাহমুদ হোসেনের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
গত বছরের ২৫ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফাইয়াজ আলম শাহবাগ ও ধানমন্ডি থানায় আনোয়ার হোসেন মঞ্জু, স্ত্রী তাসমিমা হোসেন ও চাচাত ভাই মাহমুদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা করেন।
মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হলে আদালত সেগুলোর কার্যক্রম স্থগিত করে।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিলের আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এরপর বিশেষ জজ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।
মঞ্জুর চাচাত ভাই মাহমুদ হোসেন নিু আদালতের মামলা দুটির কার্যক্রম স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন জানান।
এতে বলা হয়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের আবেদন বিচারাধীন আছে। এর নিষ্পত্তি না হওয়ার আগে বিশেষ জজ আদালতে মামলার কার্যক্রম শুরু হয়েছে। বিচার কার্যক্রম শেষ হয়ে গেলে সর্বোচ্চ আদালতে বিচারাধীন আপিলের আবেদন অকার্যকর হয়ে যাবে।
মাহমুদ হোসেনের পক্ষে আবেদন দুটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৯১৪ ঘ.
bdnews24