ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের রিট আবেদনের শুনানিতে ইসির আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, বিএনপির দু'পক্ষই সংলাপে যেতে চায়। এটি বিএনপির দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে আদালতের থাকা উচিত নয়।
মঙ্গলবার দশম দিনের মতো রিটের শুনানি হয়। পরে হাইকোর্ট সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করে।
বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুর রহমানের বেঞ্চ মঙ্গলবার রিট দুটির ওপর দশম দিনের মতো শুনানি গ্রহণ করে মুলতবির এ আদেশ দেয়।
আদালত মূলত খালেদা জিয়ার রিটের ওপর শুনানি গ্রহণ শেষ করে অন্য রিটকারী অসীমের আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে জানতে চান, এই রিটটিও একসঙ্গে নিষ্পত্তি করা যায় কিনা।
জবাবে ব্যারিস্টার নওশাদ বলেন, আদালত সঙ্গত মনে করলে এটি হতে পারে।
শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে ড. কামাল হোসেন বলেন, "সংলাপ নিয়ে করা এ রিটের রায় দিলে বিএনপির একপক্ষ খুশি ও অপরপক্ষ অখুশি হবে। এর কোনো প্রয়োজন নেই। কারণ ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপের তারিখ ছিল। সে সংলাপ বাতিল করা হয়েছে।"
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছিল। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে দুটি চিঠি দেওয়া হয়। দু'পক্ষই সংলাপে আসতে চায়। এটি বিএনপির দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে আদালতের থাকা উচিত নয়।"
২২ নভেম্বরের সংলাপ বাতিল করা হয়েছে- জানিয়ে ড. কামাল বলেন, "ভবিষ্যতের সংলাপ কী হবে তা অনুমান করে রায় দেওয়া যায় না।"
তিনি বলেন, "বিএনপির দলীয় কোন্দলের সমাধান দলের মধ্যে করাই শ্রেয়। এজন্য তারা প্রয়োজনে মধ্যস্ততাকারী নিয়োগ করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সভায় দায়িত্বশীল নেতারা ছিলেন। তারা সভায় স্বাক্ষর করে আদালতে এসে উল্টো কথা বলেছেন, যা দুর্ভাগ্যজনক। স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিষয় আদালতে আসতে পারে না।"
শুনানিতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, একটি প্রভাবশালী মহল নির্বাচন কমিশনের মাধ্যমে বিএনপিকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে।
গত ১৮ নভেম্বর খালেদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট।
নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বর এক চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানায়।
ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং খোন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুল জারি করে আদালত।
কমিশন চিঠি পাঠানোর আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের করা আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি
bdnews24