ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ইস্যুতে দলীয় গণ্ডির বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে ঐকমত্য না হলে মৌলবাদ যেভাবে 'ফণা' তুলছে তা রোখা অসম্ভব হয়ে পড়বে।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার মহিলা পরিষদ ও সাপ্তাহিক ২০০০ আয়োজিত 'বাংলাদেশের রাজনীতিতে নারী: দলে, সংসদে ও সরকারে' শীর্ষক গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, "কারো প্রতি দোষারোপ নয়, নারীদের মূলধারায় আনতে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আজ এক হতে হবে। প্রতিটি ইউনিয়নে অন্তত ১০জন করে নারী নেতৃত্ব বাছাই করা গেলে মূলধারায় নারীদের অবস্থান সুনিশ্চিত হতে পারে। মূলধারায় নারীদের আনা না গেলে দেশ এগুবে না।"
গোলটেবিল বৈঠকে বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মূল প্রবন্ধে মহিলা পরিষদ রাজনৈতিক দল, জাতীয় সংসদ ও সরকারের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানায়।
এতে বলা হয়, আওয়ামী লীগের ১৩ সদস্যের সভাপতিমণ্ডলীতে চারজন, নির্বাহী সংসদের ২২ সদস্যের সম্পাদকমণ্ডলীতে তিনজন, বিএনপির ১২ সদস্যের স্থায়ী কমিটিতে একজন, নির্বাহী কমিটির ৭৯ সদস্যের সম্পাদকমণ্ডলীতে ছয়জন, জাসদের ১৬ সদস্যের স্টান্ডিং কমিটিতে একজন, জাতীয় পার্টির ৩০৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নয়জন, গণফোরামের ৯৪ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে ছয়জন নারী সদস্য রয়েছে। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ও সিপিবির প্রেসিডিয়ামে কোনো নারী সদস্য নেই।
সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ড. ওসমান ফারুক বলেন, "কেবল রাজনীতিতে নয়, সমাজে সবক্ষেত্রে মূলধারায় নারীদের সুযোগ দিতে রাজনৈতিকদলগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এজন্য প্রয়োজনে আইনগত সংস্কার করা উচিত।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ''নির্বাচন কমিশনের ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব প্রস্তাবনা তার দল সমর্থন করে। সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালে আওয়ামী লীগ ৩৩ শতাংশ প্রার্থী মনোনয়ন দেবে।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নারীদেরকে 'কর্মী' হিসেবে বিবেচনার আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান বলেন, "দুই নেত্রীর জনপ্রিয়তা আজ পরীক্ষিত বাস্তবতা। তাদের মুক্তি না দিলে নির্বাচনও দুষ্কর হয়ে পড়বে।"
বিএনপির স্থায়ী কমিটি ও সংসদে প্রার্থী মনোনয়নে তার মতো নারীদের 'যুদ্ধ' ও 'তদবিরের' কথা স্বীকার করেন সেলিমা।
সিপিবি'র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব আলম জানান, তার দল ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব সৃষ্টির জন্য গঠনতন্ত্র সংশোধন করবে। এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
গোলটেবিল আলোচনায় সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাসদের যুগ্ম সম্পাদক শিরিন আখতার, নারী মুক্তি সংসদের হাজেরা সুলতানা, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা দীপু মনি, নির্বাচন কমিশনের মাহফুজা আখতার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা মালেকা বানু, চলচ্চিত্র পরিচালক সামিয়া জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসএনডি/এমএ/১৬৩১ঘ.
bdnews24