২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড ইউনিয়নের ওপর নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান ড. কামালের

ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ঘরোয়াভাবে সাংগঠনিক তৎপরতা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ঘরোয়াভাবে সাংগঠনিক তৎপরতা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বৃহস্পতিবার রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরাম কার্যালয়ে গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্ট মঞ্চ, গার্মেন্ট সংগ্রাম পরিষদ ও গার্মেন্ট শ্র্রমিক ফেডারেশনের অধীনে ৩২টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ২০০৬ সালের শ্রম আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া নিয়ে আলোচনা হয়। কামাল হোসেন বলেন, বলেন, ''আমরা আগামীতে একটি কার্যকর সংসদ চাই। এ জন্য সৎ ও ভালো প্রার্থীরাই যাতে নির্বাচিত হতে পারে, আমাদের সেই চেষ্টা করতে হবে।'' দেশের পোশাক শিল্প রক্ষায় মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, মফিজুল ইসলাম কামাল, এস এম আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং শ্রমিক নেতাদের মধ্যে আমিনুল ইসলাম, আবুল হোসেন, সেলিম রেজা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, রুহুল আমিন, শামীম নাসরিন, রফিকুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৮২৯ঘ.