ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করছে নির্বাচন কমিশন। এখন থেকে ২১টি জেলায় ও একশটি উপজেলায় কোন রাজনৈতিক দলের কার্যালয় থাকলেই তারা নিবন্ধন করতে পারবে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। (সংশোধিত)
তিনি বলেন, "খসড়া নির্বাচনী আইনে আমরা রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধনের শর্ত শিথিল করেছি। এখন কেনো রাজনৈতিক দলের অন্তত ২১টি জেলায় ও একশটি উপজেলায় শাখা অফিস থাকলেই হবে।"
নিবন্ধিত না হলে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানান সাখাওয়াত হোসেন।
এর আগে কমিশনের খসড়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত হিসেবে অন্তত ৩২টি জেলা ও ২০০টি উপজেলায় শাখা কার্যালয় থাকার কথা বলা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্ব একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
সাক্ষাতের বিষয়ে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "কমিশনের পক্ষে সব কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসা সম্ভব নয়। এ কারণে সংলাপের বাইরেও কোনো দলের সঙ্গে বৈঠক হতে পারে।"
তিনি জানান, কমিশনের পক্ষ থেকে কল্যাণ পার্টিকে প্রস্তাবিত নির্বাচনী আইনের খসড়া দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে কমিশনকে লিখিত মতামত জানাবে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের পরেই সরকার সারা দেশে ঘরোয়া রাজনীতি চালু করবে বলে আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন।
গত মাসে সিইসি শামসুল হুদা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এপ্রিলে অনুষ্ঠেয় সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের আগে ঘরোয়া রাজনীতি চালু এবং জরুরি অবস্থা প্রত্যাহার বা শিথিল করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
কল্যাণ পার্টির মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, আমরা সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন অথবা এই দুই নির্বাচন একসঙ্গে করার জন্য কমিশনকে প্রস্তাব দিয়েছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৪৫১ ঘ.
bdnews24