২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার পাসপোর্ট ফেরতের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত

শেখ হাসিনার জব্দকৃত পাসপোর্ট ফেরত দেওয়ার আদেশের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আদালত। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো: গোলাম রাব্বানির আদালতের প্রসিকিউশন পুলিশের উপ পরিদর্শক আলি নুর রাষ্ট্রপক্ষে ওই পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিতের আবেদন করেন। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার জব্দকৃত পাসপোর্ট ফেরত দেওয়ার আদেশের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আদালত। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো: গোলাম রাব্বানির আদালতের প্রসিকিউশন পুলিশের উপ পরিদর্শক আলি নুর রাষ্ট্রপক্ষে ওই পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিতের আবেদন করেন। আবেদনে উপ পরিদর্শক আলি নুর বলেন, রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য না শুনেই এবং ওই জব্দকৃত পাসপোর্ট ফেরতের বিষয়ে তদন্ত কর্মকর্তার কোনো প্রতিবেদন না চেয়েই এক তরফাভাবে হাকিম বুধবার এ আদেশ দিয়েছিলেন। ওই আদেশের কারণে রাষ্ট্রপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে অভিমত দিয়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার জন্য আদেশের কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত রাখার আবেদন করেন। হাকিম এ আবেদনটির ওপর শুনানি গ্রহণ করে তার বুধবারের দেওয়া আদেশটি দুই সপ্তাহের জন্য স্থগিত করেন। গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার হওয়ার দিন ধানমন্ডি থানা পুলিশ শেখ হাসিনার পাসপোর্ট, একটি মার্সিডিস বেঞ্জ গাড়ি ও দলিলপত্র জব্দ করে। আওয়ামী লীগ সভানেত্রীর আইনজীবী সাহারা খাতুন ও মো: কামরুল ইসলাম গত বুধবার যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজনে তার পাসপোর্ট নিজের জিম্মায় ফেরতের আবেদন করেছিলেন। আবেদনটিতে শুধুমাত্র আসামীপক্ষের বক্তব্য শুনেই বুধবার দুপুরে মৌখিকভাবে ও সন্ধ্যায় লিখিতভাবে পাসপোর্ট ফেরতের আদেশ দিয়েছিলেন আদালত। পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিতের বিষয়ে আইনজীবী সাহারা খাতুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই সপ্তাহের জন্য ওই আদেশটি একই হাকিম স্থগিত করে দিয়েছেন।" বুধবার শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা তার গাড়ি, পাসপোর্ট ও কিছু কাগজ ফেরতের জন্য আবেদন করেছিলেন। সেদিনই সন্ধ্যায় হাকিম পাসপোর্ট ফেরত দিতে বললেও গাড়ি ও কাগজপত্র ফেরতের জন্য তদন্ত কর্মকর্তার প্রতিবেদন চেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১৪২৬ঘ.