চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে দুটি চাঁদাবাজি মামলায় দায়ী করে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ।
বৃহস্পতিবার অভিযোগপত্র দুটি আদালতে দাখিলের কথা রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "মামলার অভিযোগপত্র দুটি চূড়ান্ত করা হয়েছে। সেগুলো আদালতে দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী অভিযোগপত্র দুটি আজ (বুধবার) আদালত পরিদর্শকের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।"
তবে আদালত পরিদর্শক আব্দুল ওয়াহেদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা দুটির তদন্তকর্মকর্তা সাতকানিয়া থানার উপ পরিদর্শক নেয়ামতুল করিম অভিযোগপত্র জমা দেননি। সেগুলো পাওয়া গেলে বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য জেলা বিচারবিভাগীয় হাকিমের আদালতে দাখিল করা হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, সাতকানিয়া মীর্জাখিলের নুর আহমদের করা একটি চাঁদাবাজি মামলায় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, জামাল উদ্দিনের করা আরেকটি মামলার অভিযোগপত্রে শাহজাহান চৌধুরীসহ ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ দুটি মামলায় অন্য অভিযুক্তদের মধ্যে আছেন সাতকানিয়া জামায়াতের আমীর ডা. নুরুল হক, সেক্রেটারি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাফফর আহমদ, জামায়াত নেতা ফরিদুল আলম প্রমুখ।
২০০৭ সালের ১৪ মে সাতকানিয়া মীর্জাখিলের নুর আহমদ জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ ৪২ সহযোগীর বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজি মামলা করেন।
এছাড়া, একই বছরের ১৪ মে জামাল উদ্দিন সাতকানিয়া থানায় শাহজাহান চৌধুরীসহ ৪২ জনকে আসামি করে আরেকটি চাঁদাবাজির মামলা করেন।
শাহজাহান চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও আরেক আসামি ডা. নুরুল হক চট্টগ্রাম কারাগারে আটক আছেন।
জামায়াতের সাবেক সাংসদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও দুর্নীতি মামলাসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/১৯৫৫ ঘ.
bdnews24