২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের নামে সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অধিক মনোযোগী: গণতান্ত্রিক বামমোর্চা

নির্বাচন প্রক্রিয়াকে অগ্রসর করার পরিবর্তে সরকার সংস্কারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অধিক মনোযোগী বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন প্রক্রিয়াকে অগ্রসর করার পরিবর্তে সরকার সংস্কারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অধিক মনোযোগী বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, "নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি হওয়ার পরও সরকারের তাতে প্রয়োজনীয় মনোযোগ নেই। তারা বরং নির্বাচন প্রক্রিয়াকে অগ্রসর করার পরিবর্তে সংস্কারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অধিক মনোযোগী।" বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি এ সব বলেন। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চা রাজনৈতিক দলগুলোর নিবন্ধিকরণ কার্যক্রম বাতিলসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। একইসঙ্গে দ্রুততার সঙ্গে ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ করা ও জরুরি অবস্থা প্রত্যাহার করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায় তারা। জুনায়েদ সাকি আরো বলেন, "এ মূহূর্তে সরকারের কাজ হলো অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে সহায়তা করা।'' সংবাদ সম্মেলনে তিনি সব গণতান্ত্রিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবানও জানান। সমন্বয়ক জুনায়েদ সাকি নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়াকে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিরোধী বলেও মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের টিপু বিশ্বাস, গণতান্ত্রিক মজদুর পার্টির অ্যাডভোকেট আবদুস সালাম, বাংলাদেশ সামাজতান্ত্রিক দলের বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, ওয়ার্কার্স পার্টির খন্দকার আলী আব্বাস, মোর্চার কেন্দ্রীয় নেতা আবদুল মতিন তালুকদার, বাবুল বিশ্বাস, শহীদুল ইসলাম সবুজ ও হামিদুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৪২৫ঘ.