ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
সোমবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার এ ব্যাপারে পুরোপুরি ব্যর্থ।"
সময় নষ্ট না করে অবিলম্বে সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে জিল্লুর রহমান বলেন, "আমরা প্রথম থেকেই সংলাপের কথা বলে আসছি। নির্বাচনের অন্তত চার মাস আগে তারিখ ঘোষণা করা উচিত। নির্বাচন তো ডিসেম্বরেই হবে। এখনই তারিখ ঘোষণা করা হলে সংশয়টা দূর হয়ে যাবে।"
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে তিনি বলেন, "অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় নির্বাচন করবেন।"
জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হতে পারে এ মর্মে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সম্প্রতি টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠানে যে কথা বলেছেন, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জিল্লুর বলেন, "এটা দলের সিদ্ধান্ত নয়।"
শেখ হাসিনাকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "চিকিৎসকরা যেভাবে বলেছেন সে অনুযায়ী নেত্রীকে মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ দিতে আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।"
যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি রোববার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যে বৈঠক করেছেন তাতে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার চিকিৎসার ব্যাপারে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, "এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই।"
এ বিষয়ে সরকারের সঙ্গে তার দলের কোনো আলোচনা হয়নি বলেও জানান জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/০০১৪ঘ.
bdnews24