ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান।
শুক্রবার বিকেলে নগরীর তোপখানা রোডে বিকল্পধারা কার্যালয়ে গণতন্ত্রী পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আব্দুল মান্নান বলেন, "যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। দুই মাসের মধ্যে সারাদেশে ঘরোয়া রাজনীতি চালু করে দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করুন।"
তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না, হলেও তা সন্ত্রাস-কালো টাকা ও দুর্নীতিমুক্ত হবে কি না, এসব নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।"
গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অর্থবহ নির্বাচনের জন্য জাতীয় সংলাপের বিকল্প নেই।"
তিনিও অবিলম্বে সারা দেশে ঘরোয়া রাজনীতি চালু এবং জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে বিকল্পধারার আশরাফ উজ জামান, জয়নাল আবেদীন খান, কাজী কামাল, অধ্যাপক শফিকুল ইসলাম এবং গণতন্ত্রী পার্টির মাহমুদুর রহমান বাবু, শরাফত আলী হিরা, নূরুর রহমান সেলিম বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এসকে/২০৪৫ঘ.
bdnews24