২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে বিএনপির রিটের শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতুবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতুবি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মাহনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রিটের ওপর পঞ্চম দিনের মতো শুনানি গ্রহণ করে এ আদেশ দেয়। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, "একটি রাজনৈতিক দলের বিরোধ হাইকোর্ট রিট এখতিয়ারে নিষ্পত্তি করতে পারেনা। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধ তাদের নিজেদেরই মীমাংসা করতে হবে। এটি কোনো রিট আবেদনের বিচার্য বিষয় হতে পারে না।" তিনি শুনানিতে আরও বলেন, "মেজর (অব) হাফিজকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য রুলনিশি জারি করেছিল হাইকোর্ট। ওই নোটিশ পরে বাতিল করা হয়েছে। তাছাড়া ২২ নভেম্বর সংলাপ হওয়ার তারিখও চলে গেছে। তাই ওই রিট অকার্যকর হয়ে গেছে।" ড. কামাল হোসেন বলেন, "খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়েও রুলনিশি জারি করেছিল হাইকোর্ট। তাছাড়া বিএনপির গঠনতন্ত্রে খালেদা জিয়াকে দলের সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে। এসব বিষয় নিষ্পত্তি করা হলে রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। রাজনৈতিক বিষয়ে রিট এখতিয়ারে জুডিশিয়াল রিভিউ করা হাইকোর্টের সমীচিন হবে না।" গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছিল হাইকোর্ট। নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বর এক চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহবান জানায়। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা এবং খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবেনা তা জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুলনিশি জারি করেছিল আদালত। নির্বাচন কমিশন চিঠি দেওয়ার আগে ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করে 'আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে' নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে বলেছিল। শুনানির সময় রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ অ্যাডভোকেট টিএইচ খান আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৩৯ঘ.