২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদেশে চিকিৎসা: প্রয়োজনে বোর্ড গঠন করে সিদ্ধান্ত

শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রসঙ্গে সরকার বলেছে, এজন্য 'প্রয়োজনে' বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন, শেখ হাসিনার চিকিৎসার খোঁজ-খবর নিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রসঙ্গে সরকার বলেছে, এজন্য 'প্রয়োজনে' বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন, শেখ হাসিনার চিকিৎসার খোঁজ-খবর নিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সচিবালয়ে সাংবাদিকদের বলেন,''শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর ব্যাপারে প্রয়োজনে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের সুপারিশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।'' উপদেষ্টা আরো বলেন, ''কারা মহাপরিদর্শককে আমি আজই নির্দেশ দিয়েছি তিনি যেন বিশেষ কারাগারে মহিলা চিকিৎসক পাঠিয়ে শেখ হাসিনার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসক যেন ম্যাডাম হাসিনাকে জিজ্ঞাসা করেন উনার সমস্যা কি। যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন হয়,সেক্ষেত্রে তার ব্যবস্থা করা হবে।'' শেখ হাসিনাকে কবে বিদেশে পাঠানো হতে পারে - এ প্রশ্নের জবাবে তিনি বলেন, '' রির্পোট আসুক।'' শেখ হাসিনার চিকিৎসক ও দলীয় নেতারা বলে আসছেন, বিশেষ করে ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়া প্রয়োজন। তারা বলছেন, ইতিপূর্বে হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়ে কানে যে শ্রবণ সহায়ক যন্ত্র স্থাপন করেছেন তা ছয়মাস পর পর 'অ্যাডজাস্ট' করতে হয় এবং এজন্য তার সেখানেই যেতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগে প্রধানকে চিকিৎসার জন্য ইতিমধ্যে তার ইচ্ছানুযায়ীই স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসক ও তার ব্যক্তিগত চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। অসুস্থ বিএনপি নেত্রীকেও বিদেশে পাঠানো হবে কিনা এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন," কোনো নেতা সেরকম অসুস্থ' থাকলে মানবিক কারণে তা বিবেচনা করা হবে। গত ২১ ফেব্র"য়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। চার ঘন্টা পর আবার বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাকে । গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে ধানমন্ডির সুধা সদন থেকে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসএম/এসকে/১৪২৭ঘ.