২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন বুধবারও দাখিল করা হয়নি। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতের ধার্য দুইটি তারিখ পার হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 05:44 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন বুধবারও দাখিল করা হয়নি। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতের ধার্য দুইটি তারিখ পার হলো। বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আশকুল খবির আগামী ২৫ মার্চ এ প্রতিবেদন দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার কেরানীগঞ্জের দুটি গ্রামের নিরীহ গ্রামবাসীসহ দুই মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে একই উপজেলার ভাওয়াল খান বাড়ির মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান গত ১৭ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মোট ৯ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। ওই দিনই আদালত মামলাটিকে এজাহার হিসাবে নেওয়ার জন্য কেরানীগঞ্জ থানাকে নির্দেশ দেন। ৩১ ডিসেম্বর থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। মামালার অপর আসামিরা হলেন- জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আ. কাদের মোল্লা ও মো. কামরুজ্জামান, কেরানীগঞ্জ থানা জামায়াত আমীর হাজী নাজিমউদ্দিন, ঢাকা জেলা আমীর আবুল হাসেম, ফয়জুর রহমান ফয়েজ, কে জি করিম বাবলা ও মো. ইয়াছিন। নিজামী ও মুজাহিদসহ ১০ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গণহত্যা ও মুক্তিযোদ্ধা হত্যার আরও একটি মামলায় আগামী ৩০ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। গত ২৪ জানুয়ারি রাজধানীর পল্লবী এলাকার মুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্লা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা দায়ের করেছিলেন। হাকিম মামলাটি পল্লবী থানা কর্তৃপক্ষকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২৩৩২ ঘ.