বিশেষ দ্রষ্টব্য: আদালত শুনানি ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন। ভুলক্রমে ৩ এপ্রিল ছাপা হয়েছে। এক্ষেত্রে সংশোধিত করা হলো।
ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদের দায়ের করা দুটি রিট আবেদনের শুনানি গ্রহণ আগামী ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বুধবার দুপুরে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ শুনানি গ্রহণ শুরু করেন।
নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন বলেন, "ইসি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে কমিশনের সংলাপের দিন ধার্য ছিল। হাইকোর্টের নির্দেশে ইসি সেই সংলাপ বাতিল করে দিয়েছে।"
কামাল হোসেন আরও বলেন, বিএনপি তাদের অভ্যন্তরীণ সমস্যা নিজেরা মিটিয়ে ফেললে বা আদালত সিদ্ধান্ত দিলে এ সমস্যার সমাধান হতে পারে।
খালেদা জিয়ার প্রধান কৌসুলি টি এইচ খান বলেন, "গত বছর ২৯ অক্টোবর রাতে ক্যুর মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির মহাসচিব পরিবর্তন করা হয়েছে। ওই সভায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের দাওয়াতে স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছিলেন। তবে সেখানে বাইরের দুজন অপরিচিত ভদ্র লোক ছিলেন। সভার সিদ্ধান্ত আগে থেকেই প্রস্তুত ছিল।"
টি এইচ খান আরও বলেন, "এই রিটের চার বিবাদি স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, এম শামসুল ইসলাম, চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী ও খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ রুলের জবাব দিয়ে এসব কথা বলেছেন।"
তিনি আরও বলেন, স্থায়ী কমিটির ওই সভায় কোরামপূর্ণ হয়নি। তারপরেও ওই ভদ্রলোক দুজন জোর করে সভার সিদ্ধান্তে স্থায়ী কমিটির সদস্যের সাক্ষ্য নিয়ে নেন।
২৫ ফেব্র"য়ারি নির্বাচন কমিশনের পক্ষে ড. কামাল হোসেন এবং বিএনপির পক্ষে অ্যাডভোকেট টি এইচ খান ও এ জে মো. আলী রিট দুটির ওপর শুনানির আবেদন জানালে আদালত বুধবার শুনানির সময় নির্ধারণ করেন।
এর আগে গত ১২ ফেব্র"য়ারি এ দুটি রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন তা হয়নি। ৩০ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির ওই তারিখ ধার্য করেছিলেন।
গত বছরের ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকরিতা স্থগিত করে দেয় হাইকোর্ট।
নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বরের এক চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানায়। এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুলনিশি জারি করে আদালত।
নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার আগে গত বছরের ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করে- আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে বলেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫৪৮ ঘ.
bdnews24