গাজীপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সংলাপের প্রতিবন্ধকতা দূর করতে ইসিকেই উদ্যোগ নিতে হবে বলে আওয়ামী লীগ যে বক্তব্য দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
একইসঙ্গে তিনি অবিলম্বে দুই নেত্রীর মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে চাঁদাবাজির মামলায় গাজীপুর আদালতে হাজিরা দিতে এসে হান্নান শাহ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে দ্রুত নির্বাচন দিতে পারে। আর যত দ্রুত নির্বাচন হবে তত দেশ ও জনগণের মঙ্গল।"
সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছিলেন, "বিএনপির সঙ্গে সংলাপের চিঠি নিয়ে নির্বাচন কমিশন জটিলতা সৃষ্টি করেছে। এই জটিলতা কমিশনকেই দূর করতে হবে। সংলাপ যথাসময়ে শেষ না করা, নির্বাচনী আইনগুলোকে চূড়ান্ত না করা, জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন না করা, স্বাধীন নির্বাচন কমিশনকে এখনো ঝুলন্ত অবস্থায় রাখা- ইত্যাদি কারণে রোডম্যাপ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।"
তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিইসি দাবি করেন, "বিএনপির সঙ্গে সংলাপ ছাড়া বাকি বিষয়গুলোতে রোডম্যাপের একটু এদিক-সেদিক হলেও কমিশন মূল কাজ ঠিকই রেখেছে। ছবিসহ ভোটার তালিকা তৈরিসহ অন্যান্য কাজ সমান্তরালভাবে চলছে। একটি কাজ করতে গিয়ে অন্য কাজ ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24