২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর সাবেক সাংসদ আবুল হাশেমের ছেলে আজিজ হাজতে

জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত পারটেক্স রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার ও মহাব্যবস্থাপক নুরুল হককে রোববার গাজীপুর কারা হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত পারটেক্স রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার ও মহাব্যবস্থাপক নুরুল হককে রোববার গাজীপুর কারা হাজতে পাঠানো হয়েছে। রোববার এ দুজন গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম কামাল পাশার আদালতে আত্মসমর্পণ করেন। আজিজ আল কায়সার বিএনপির সাবেক সাংসদ আবুল হাশেমের ছেলে। গত ৬ ফেব্র"য়ারি একই আদালত আজিজ ও নুরুল হকসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়। মামলার বাকি তিন আসামিকে ওইদিনই কারা হাজাতে পাঠানো হয়। এরা হলেন- পারটেক্সের কর্মকর্তা সদরুল হুদা, হানিফ মোল্লা ও গাজীপুরের বাহাদুরপুর এলাকার রফিক। ২০০১ সালের নভেম্বরে ঢাকার মিরপুরের বাসিন্দা মো. শরীফউদ্দিন মল্লিকের দায়ের করা একটি জালিয়াতি মামলায় এই পাঁচজনকে দণ্ড দেয় আদালত। জয়দেবপুর থানায় দায়ের করা ওই মামলায় আসামিদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ২৭ দশমিক ২৩ একর জমি দখলের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০৫ ঘ.