২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সংলাপে স্থানীয় নির্বাচনের আগেই সংসদ নির্বাচনের দাবি জানাবে আ. লীগ

নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাবে আওয়ামী লীগ। দলটি চায়, স্থানীয় পর্যায়ের যে কোনও নির্বাচনের আগে সংসদ নির্বাচন হোক। সংলাপে সংসদীয় আসন পুনর্নির্ধারণের বিরোধিতা করার পাশাপাশি সরকারিভাবে রাজনৈতিক দলগুলোকে তহবিল যোগানোর প্রস্তাব দেবে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 10:57 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাবে আওয়ামী লীগ। দলটি চায়, স্থানীয় পর্যায়ের যে কোনও নির্বাচনের আগে সংসদ নির্বাচন হোক। সংলাপে সংসদীয় আসন পুনর্নির্ধারণের বিরোধিতা করার পাশাপাশি সরকারিভাবে রাজনৈতিক দলগুলোকে তহবিল যোগানোর প্রস্তাব দেবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ সামনে রেখে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে শনিবার এ সব সিদ্ধান্ত হয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বেলা পৌনে ৩টার দিকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দফা সংলাপ রোববার শুরু হচ্ছে। সোমবার সংলাপে বসছে আওয়ামী লীগ। আশরাফুল ইসলাম বলেন, "মূলত নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের অলোচ্যসূচি এবং ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ ও মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি আজ (শনিবার) চূড়ান্ত করা হয়েছে।" নির্বাচন কমিশনের কাছে হাসিনাসহ বন্দি রাজনীতিবিদদের মুক্তির দাবি সম্পর্কে তিনি বলেন, "নেত্রীর (শেখ হাসিনা) মুক্তি তো সবার আগে। এখন তার সুচিকিৎসা নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। এছাড়া জরুরি অবস্থা প্রত্যাহার, ঘরোয়া রাজনীতি চালু ও নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, কাজী জাফরউল্যাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। দেশের বাইরে দলের শাখা সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাবের সঙ্গে একমত নয় আওয়ামী লীগ। দলটি মনে করে, বিদেশে তাদের শাখা থাকলে তা সে দেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। সৈয়দ আশরাফ জানান, আগামী ৭ মার্চ সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন ও দলের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ 'জাতীয় শিশু-কিশোর দিবস' এ সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দলের কার্যনির্বাহী সংসদের সব সদস্য টুঙ্গীপাড়ার গিয়ে বেলা ১২টায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক দেবেন। সেখানে মিলাদ ও আলোচনা সভাও হবে। পরদিন বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের। সৈয়দ আশরাফ জানান, স্বাধীনতা দিবসে সকাল পৌনে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ ও বিকেলে আলোচনা সভা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমআই/১৬৪৬ ঘ.