ঢাকা ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর শুক্রবারের বৈঠক। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে সংলাপে দলের অবস্থান ঠিক করতেই এ বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করছি। ওই বৈঠকের পর আমরা সাংবাদিকদের বিস্তারিত জানাব।"
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে আগামী ২৫ ফেব্র"য়ারি আওয়ামী লীগের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফা সংলাপ হওয়ার কথা। প্রথম দফা সংলাপের পর কমিশন সংস্কার প্রস্তাবের যে খসড়া তৈরি করেছে তা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে দলের অবস্থান কী হবে তা নির্ধারণের জন্যই শুক্রবার বৈঠকে বসে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেল থেকেই সাংবাদিকরা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় উপস্থিত হন। মাগরিবের নামাজের পর শুরু হয় সভাপতিমণ্ডলীর বৈঠক। শেষ হয় রাত ৯টা ৫ মিনিটে।
জিল্লুর রহমানের সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/জেকে/এসকে/২১৪৯ঘ.
bdnews24