ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'টি চাঁদাবাজির মামলায় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে জামিন দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের আবেদনের শুনানি ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারেক ও কোকোর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলের পক্ষে সময়ের আবেদনের শুনানিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক ও কোকোর প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বিদেশে রয়েছেন। তাই শুনানি ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি হওয়া প্রয়োজন।
সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে আরও একদিন সময় চান।
চাঁদাবাজির একটি মামলায় গতবছর ২ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তারেক রহমান। পরদিন ৩ ডিসেম্বর কোকোকেও একটি চাঁদাবাজির মামলায় জামিন দেয় উচ্চ আদালত।
৯ এপ্রিল শাহবাগ থানায় তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন ব্যবসায়ী খায়রুল বাশার।
কোকো জামিন পান গতবছরের ৩ ডিসেম্বর। ওই বছরের ১৬ মে বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবু আহম্মেদ জায়েদান রাব্বি মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৫৬ ঘ.
bdnews24