চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক। তবে তিনি বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে সেনাবাহিনীর পরোক্ষ ভূমিকা থাকা প্রয়োজন।
দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সরকার গঠন কোন স্থায়ী সমাধান নয় উল্লেখ করে সৈয়দ ইবরাহিম বলেন, "সংবিধান অনুযায়ী জাতীয় সরকার গঠন সম্ভব নয়। নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় গিয়ে আইন সংশোধন করে প্রয়োজনে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিতে পারে।"
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, যদি জাতীয় সরকার গঠনের প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধি অথবা রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক, পেশাজীবী ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে এ ধরনের সরকার গঠন করা যেতে পারে।
তিনি বলেন, তার দল বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্রও জাতীয় সরকার গঠনের ধারণাকে সমর্থন করে না।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক সেনা কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন, "কোন প্রকার দৈব দুর্বিপাক না হলে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষিত সময় ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।" দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকা দরকার বলেও তিনি মন্তব্য করেন। তবে দেশের দুই প্রধান দলের শীর্ষনেত্রীদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলতে রাজি হননি।
অতীতে রাজনৈতিক নেতৃত্বের দলীয় সংকীর্ণতার কারণে চট্টগ্রামের উন্নয়ন হয়নি বলে সৈয়দ ইবরাহিম মনে করেন। তিনি বলেন, ঢাকার উন্নয়ন মানে কোনভাবেই বাংলাদেশের উন্নয়ন নয়। প্রশাসন ও পরিকল্পনার বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24