ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সরকার দুইবার সরকারি কর্মচারিদের বেতন বাড়িয়েছিল। এতে কিন্তু দুর্নীতি কমেনি। বরং অনেকাংশে বেড়েছে।
তিনি বলেন, "দুর্নীতি কমাতে হলে প্রথমে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ সকলের এই মানসিকতা তৈরি করতে হবে- আমি আর দুর্নীতি করব না। তাতে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর প্রতিনিধি জানান, রোববার সকালে জেলা সদরের পৌর মিলনায়তন কক্ষে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এই কথা বলেন।
হাসান মশহুদ বলেন, "দুর্নীতি কারা করেন? আমি বলবো, আমরা সকলেই কম- বেশি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছি। এখন আমাদের দুর্নীতিকে বাধা দিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে তা হল আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলব। পারিবারে বলব, সমাজে বলব, স্কুল, কলেজ, মাদ্রাসায় বলব, মসজিদে বলব।"
তিনি বলেন, দুর্নীতিতে এখন লাভ বেশি, ঝুঁকি কম। তবে ভবিষ্যতে ঝুঁকি বাড়িয়ে দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে মানসিক চাপ বাড়াতে হবে।
শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক স্বপন কুমার বড়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আবু তালিব মিয়া, জেলা দুদক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক প্রমুখ।
মাদারীপুর প্রতিনিধি জানান, দুদক চেয়ারম্যান দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন মিলনায়তনে সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দুর্নীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলুন।"
হাসান মশহুদ বলেন, "দুর্নীতির বিরুদ্ধে র্যালি করব, বড় সমাবেশ করব, রাস্তায় নামব, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। যিনি দুর্নীতি করেন আর দুর্নীতিকে সহায়তা করেন তিনি চাপের মধ্যে থাকেন। দুর্নীতি দমনের কাজটা বড়ভাবে করব। সবার সামনে দুর্র্র্র্র্নীতিবাজদের আসল চিত্র তুলে ধরব।"
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক আবু তালিব মিয়া, মাদারীপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সরকারি নাজিম উদ্দিন কলেজের প্রভাষক জান্নাতুল ফিরদাউস, মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।
বরিশাল প্রতিনিধি জানান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মাশহুদ চৌধুরী বিকেলে বরিশাল নগরীর বরিশাল মিলনায়তনে মতবিনিময় সভা করেন। সভায় তিনি বলেছেন, "আমরা সকলেই প্রত্যক্ষ বা পরেক্ষ ভাবে এখন দুর্নীতির সাথে সম্পৃক্ত। তাই দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে ছোট বড় প্রতিটি ফোরামে আমাদেরকেই দুর্নীতির বিরুদ্ধে সব সময় কথা বলতে হবে।"
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন, "দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতিবাজদেরকে সমাজে বিতর্কিত করে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে হবে। তাহলেই সমাজ দুর্নীতিমূক্ত হবে।"
তিনি উদাহরণ টেনে বলেন, "শুধুমাত্র মানসিক চাপের কারণে ঢাকার একটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাদের অবৈধ সম্পদ সরকারকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে।"
দুর্নীতি প্রতিরোধ অভিযান শীর্ষক মতবিনিময় সভায় হাসান মশহুদ আরও বলেন, "দেশের অধিকাংশ মানুষ দুর্নীতি করেন না। অতি ক্ষুদ্র এবং ক্ষমতাধর একটি অংশই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। আর এই ক্ষুদ্র অংশের দুর্নীতিবাজরাই দুর্নীতির তালিকায় বাংলাদেশকে পর পর তিন বার র্শীষে তুলেছেন। যার কারলে আমরা বর্হিবিশ্বে মুখ দেখাতে লজ্জা পাচ্ছিলাম।"
তিনি দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে করে দুর্নীতিবাজরা দুনীর্তি করতে বেশী ঝুঁকি মনে করেন। তাহলেই তারা দুর্নীতির পথ থেকে ক্রমশ সরে দাঁড়াতে শুরু করবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহম্মদ হারুন চৌধুরী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, দুদকের উপ-পরিচালক মো. আফজালুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24