ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়াকে যুদ্ধাপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইসলামী ঐক্যজোট। মুক্তিযুদ্ধের সময় আইয়ুব মিয়া বরিশালে আল বদর বাহিনীর কমান্ডার হিসেবে গণহত্যা ও লুটপাটে অংশ নেয় বলে দাবি করেছে দলটি।
মাওলানা মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট যুদ্ধাপরাধী হিসাবে ১৫ জনের নামের একটি তালিকা শনিবার প্রকাশ করে। এতে আইয়ুব মিয়াসহ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহেরের নামও রয়েছে।
সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর বাণিজ্যিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবিও জানান মিছবাহুর রহমান।
যুদ্ধাপরাধীর তালিকায় থাকা অন্যরা হলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক, মীর কাশেম আলী, সাবেক সাংসদ চৌধুরী ফরিদ উদ্দিন আহমেদ, আ স ম রুহুল কুদ্দুস, সরদার আবদুস সালাম, মুহাম্মদ সামছুল হক, ইসলামী ব্যাংকের সাবেক মহাপরিচালক প্রয়াত মুহাম্মদ ইউনুস, দুবাই প্রবাসী ব্যবসায়ী আবদুল হাই ফারুকী, লন্ডন প্রবাসী চৌধুরী মাইন উদ্দিন ও ব্যবসায়ী আশরাফ হোসাইন।
সংবাদ সম্মেলনে জাননো হয়, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ১৯৭১ এ আল বদর বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ আল বদর বাহিনীর উপ প্রধান হিসেবে গণহত্যায় জড়িত ছিলেন। এছাড়া, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান জামালপুরে আল বদর বাহিনীর নেতৃত্ব দেন।
মিছবাহুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আইয়ুব মিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বরিশাল শহর এলাকায় আল বদর বাহিনীর কমান্ডার ছিলেন। সে সময় তিনি বরিশাল এলাকায় পাক হানাদার বাহিনীর সহায়তায় বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেন। হিন্দু নারীদের সম্ভ্রমহানির পাশাপাশি তিনি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালান।"
আইয়ুব মিয়াকে চাকরি থেকে অপসারণ করা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব- উল্লেখ করে মিছবাহুর বলেন, "দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে এ রকম সব সরকারি কর্মকর্তাদের অপসারণ করতে হবে।"
যুদ্ধাপরাধীর তালিকায় থাকা ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে আল বদর বাহিনীর কমান্ডার ছিলেন বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট। এছাড়া, ব্যাংকের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মুহাম্মদ ইউনুসও আল বদর বাহিনীর কমান্ডার ছিলেন।
ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ইবনে সিনার ট্রাস্টি বোর্ড সদস্য আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহেরের যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি তার অবৈধ সম্পত্তির উৎস সম্পর্কেও সরকারকে তদন্ত করতে হবে।"
অন্যদিকে, ঐক্যজোট মহাসচিব মনিরুজ্জামান রাব্বানী অভিযোগ করেন, "ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনুস দায়িত্ব পালনের সময় দেশে জঙ্গিবাদ উত্থানে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকায় থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট শহরে আল বদর বাহিনীর কমান্ডার, রাবেতা আলম বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর মীর কাশেম আলী চট্টগ্রামে আল বদর বাহিনীর সহকারী প্রধান, জামায়াতের সাবেক সাংসদ চৌধুরী ফরিদ উদ্দিন আহমেদ সিলেট জেলা আল বদরের প্রধান, জামায়াতের মজলিসে শুরার সদস্য আ স ম রুহুল কুদ্দুস ঢাকায় আল বদরের উপ কমান্ডার ছিলেন।
এছাড়া, বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সরদার আবদুস সালাম মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীর ঢাকা শহরের প্রধান কমান্ডার, দুবাই প্রবাসী ব্যবসায়ী আবদুল হাই ফারুকী রাজশাহী জেলার কমান্ডার, লন্ডন প্রবাসী চৌধুরী মাইন উদ্দিন আর বদর বাহিনীর অপারেশন গ্র"পের ঢাকার উপপ্রধান, ব্যবসায়ী আশরাফ হোসাইন ময়মনসিংহে আল বদর বাহিনীর নেতা ও জামায়াত নেতা মুহাম্মদ সামছুল হক ঢাকায় আল বদর বাহিনীর প্রধান ছিলেন।
তবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আইয়ুব মিয়া যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭১ এ আমি স্কুলছাত্র ছিলাম। যারা এমন দাবি করেছে, বিষয়টি প্রমাণ করতে না পারলে তাদের শাস্তি হওয়া উচিত।"
অন্যদিকে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭১ সালে আমি আল বদর, আল সামস বা রাজাকার- কোনও বাহিনীর সঙ্গে জড়িত ছিলাম না। যুদ্ধাপরাধের মতো কোনও ঘটনাই আমি ঘটাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/এমআই/জিএনএ/১৯০৪ ঘ.
bdnews24