২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি তত্ত্বাবধানে চোখের চিকিৎসায় রাজি হাসিনা

কারাগারে অন্তরীণ শেখ হাসিনা সরকারি তত্ত্বাবধানে চোখের চিকিৎসা করাতে রাজি হয়েছেন। ফুপাতো ও চাচাতো বোনসহ ৫ জন আত্মীয় বৃহস্পতিবার বিশেষ কারাগারে গিয়ে এ বিষয়ে অনুরোধ করলে শেখ হাসিনা চিকিৎসা নিতে রাজি হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাগারে অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি তত্ত্বাবধানে চোখের চিকিৎসা করাতে রাজি হয়েছেন। ফুপাতো ও চাচাতো বোনসহ ৫ জন আত্মীয় বৃহস্পতিবার বিশেষ কারাগারে গিয়ে এ বিষয়ে অনুরোধ করলে শেখ হাসিনা চিকিৎসা নিতে রাজি হন। হাসিনার আত্মীয়রা কারাগার থেকে বেরিয়ে বিষয়টি সাংবাদিকদের জানান। পরে উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকীও বিষয়টি নিশ্চিত করেন। হাসিনার ফুপাতো বোন সুলতানা শেখ রেখা, চাচাতো বোন তাহমিনা শেখ, ভাতিজা শেখ ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস, আরেক ভাতিজা শেখ ফজলে শামস পরশের স্ত্রী তানিয়া শামস ও স্বামী ওয়াজেদ মিয়ার ভাগ্নির মেয়ে মাহবুব আরা গিনি বিকাল সোয়া ৩টায় জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে যান। শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সাড়ে ৪ টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। মাহবুব আরা গিনি কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, "উনি (শেখ হাসিনা) সরকারি তত্ত্বাবধায়নে চোখের পরীক্ষা করাতে রাজি হয়েছেন। তবে সরকারি চিকিৎসায় আস্থা পাচ্ছেন না বলে তিনি রক্ত পরীক্ষা করাচ্ছেন না। তিনি বলেছেন, যেখানে রায় আগে থেকেই লেখা হয়ে থাকে, সেখানে রক্তের রিপোর্টও বদলে যেতে পারে।" তাহমিনা শেখ বলেন, "তিনি (হাসিনা) উচ্চ রক্তচাপে ভুগছেন। আমরা এসেছি জেনে দোতলা থেকে নিচে নেমে আসেন। এ সময় তিনি কাঁপছিলেন।" উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "আমরা সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়ে বিলম্ব করছি না। তাকে চিকিৎসা নিতে রাজি করানোর জন্য আজ তার আত্মীয়দের অনুরোধ করেছিলাম। তাদের অনুরোধে তিনি চিকিৎসা নিতে রাজি হয়েছেন।" শেখ হাসিনার চোখের চিকিৎসা কোথায় করা হবে তা মহা কারা পরিদর্শকের সঙ্গে কথা বলে ঠিক করা হবে বলে জানান তিনি। সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো গাফিলতি করছে না। আন্তরিকতা থাকলেও সব সময় সব কিছু আমরা করতে পারি না। আমাদের নিয়ম-নীতির মধ্যেই থাকতে হয়। কিন্তু এই মাপের কোনো ব্যক্তির চিকিৎসার ত্র"টি আমরা করবো না।" হাসিনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পরিষ্কার কিছু জানানো হচ্ছে না বলে তার স্বজনরা যে অভিযোগ করছেন সে ব্যাপারে প্রশ্ন করা হলে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "এ অভিযোগ সত্য নয়। তিনি যখন কারাগারে আছেন, তখন তার সব দায়-দায়িত্ব আমাদের। তবে তিনি কিছুটা অসুস্থ; তার বয়স এখন ৬১ বছর। এছাড়া উনি মাঝে মাঝে রোজাও রাখেন।" উন্নত চিকিৎসার জন্য হাসিনাকে বিদেশ পাঠানো হবে কি না জানতে চাইলে উপ-মহা কারা পরিদর্শক বলেন, "চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়টি কারাবিধিতে না থাকায় এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/জেকে/২০৫৭ ঘ.