ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা হাসান আরিফ বৃহস্পতিবার বলেছেন, জরুরি আইন জারি থাকা অবস্থায় ভোট গ্রহণে কোনো বাধা নেই। তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি অবস্থার কিছু ধারা শিথিল করতে হবে।
বিকেলে আইন মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, "জরুরি আইনে ভোট গ্রহণে কোনো বাধা নেই। তবে নির্বাচনী প্রচার, মিছিল বা মিটিংয়ের মতো বিষয়গুলো জরুরি আইনে নিষিদ্ধ। নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট ধারাগুলো শিথিল করতে হবে।"
তিনি বলেন, "জরুরি অবস্থার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী কাজ করছে।"
নির্বাচন সংক্রান্ত আইনগুলো একটি প্যাকেজের আওতায় এনে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশন এগুলো আইন মন্ত্রণালয়ে পাঠালে আমরা বিষয়গুলো দেখবো।"
তথ্য অধিকার আইন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "একটি কমিটি তথ্য অধিকার আইন প্রণয়নের জন্য কাজ করছে। আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ওই কমিটিতে রয়েছেন। তিনি আইনের বিভিন্ন ধারা খতিয়ে দেখছেন। সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে এ আইনের খসড়া নেওয়া হয়েছে।"
সাবেক আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেছিলেন, এফআইআরের মাধ্যমে গ্রেপ্তার সংক্রন্ত সিআরপিসির ধারাটি সংশোধন করা হবে। এ বিষয়টি কোন পর্যায়ে েেরয়ছে তা জানতে চাইলে হাসান আরিফ বলেন, "আমার সামনে এ ধরনের কিছু নেই।"
মানবাধিকার কমিশন গঠন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "কোনো সময়সীমা দেওয়া যাচ্ছে না, তবে এ সরকারের সময়েই এটি গঠন হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ ইএইচবি/এএল/জেকে/এমএ/১৬৫২ ঘ.
bdnews24